প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন সিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি
জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি

মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি এবার নিজেই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। দেশটির জনগণ ও সেনাবাহিনী চাইলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার রাজধানী কায়রোতে সেনাবাহিনীর একটি সেমিনারে এ মন্তব্য করেন সিসি।

মিসরের সেনাপ্রধান বলেন, ‘আমি যদি নির্বাচনে প্রার্থী হই, তবে তা অবশ্যই জনগণের অনুরোধ ও সেনাবাহিনীর সমর্থনে।’

দেশটির সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে সিসির প্রার্থী হওয়ার বিষয়ে সেনাবাহিনীর সমর্থন রয়েছে।

এর আগে কয়েক দফায় মিসরের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে জেনারেল সিসি মনস্থির করে ফেলেছেন। এ-সংক্রান্ত ঘোষণা পেতে খুব বেশি দেরি করতে হবে না।

৫৯ বছর বয়সী জেনারেল সিসির নেতৃত্বে সেনাবাহিনী গত জুলাইয়ে মিসরে কয়েক দশকের মধ্যে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এর পরই সেনা-সমর্থিত একটি বেসামরিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। সেনা-সমর্থিত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী এপ্রিল নাগাদ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখনো কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। এ অবস্থায় দেশটির মানুষ একরকম ধরেই নিয়েছে, জেনারেল সিসি প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন।