প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান
মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান ওমর সুলায়মান আগামী মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার হাজারো মানুষ রাজধানী কায়রোতে জড়ো হয়ে তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানালে তিনি সম্মতি দেন।মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলে ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেন ওমর। দেশটিতে মোবারকের উত্তরসূরি নির্বাচনে আগামী ২৩-২৪ মে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন হবে।নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ওমর সুলায়মান রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মিনায় পাঠানো এক বিবৃতিতে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের দৃঢ় সমর্থনে আমি এগিয়ে গিয়েছিলাম। আপনারা আজ যে আহ্বান জানিয়েছেন, তা ছিল একটি আদেশ। আমি একজন সৈনিক, যে কিনা জীবনে কোনো আদেশ অমান্য করেনি...আপনাদের আহ্বানে সাড়া না দিয়ে পারলাম না। প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনের দৌড়ে যোগ দিলাম।’মিসরে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারীকে ৩০ হাজার ব্যক্তির স্বাক্ষর বা পার্লামেন্টে কোনো দলের সমর্থন থাকতে হবে। প্রার্থীর বাবা-মা ও স্ত্রীকে অবশ্যই মিসরের নাগরিক হতে হবে। এ ছাড়া রয়েছে প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংগঠনিক নানা শর্ত। প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন-প্রক্রিয়া কঠোর হওয়ার প্রতিবাদে এর আগে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুলায়মান। এএফপি।