প্রেসিডেন্ট প্রার্থী হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন সিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেল ফাত্তাহ আল-সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি

মিসরের ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রীর পদও ছেড়েছেন তিনি।
গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিসি বলেন, সামরিক বাহিনীর পোশাকে তিনি শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন। এরপর তাঁকে আর এই পোশাকে দেখা যাবে না।
নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জুনের আগে অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন সিসি। নির্বাচনে তাঁর বিপক্ষে শক্ত কোনো প্রার্থী নেই। তাই সহজেই তিনি জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
ভাষণে সিসি বলেন, ‘আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই, সন্ত্রাসবাদের মূলোৎপাটনের লক্ষ্যে আমি মিসরের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছি।’
সিসি আরও বলেন, ‘অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তার প্রশ্নে আজ মিসর যে অবস্থায় পৌঁছেছে, তা শক্ত হাতে ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। মিসরকে সন্ত্রাসবাদ মুক্ত করতে আমি লড়াই অব্যাহত রাখব।’
মিসরের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগের ঘোষণা দেন সিসি। তাঁর এ ঘোষণাকে লাখো মানুষ স্বাগত জানালেও দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা নাখোশ। মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সিসির নেতৃত্বে দেশ শাসন করা হলে গোটা মিসর অস্থিতিশীল হয়ে পড়বে।
গত বছরের জুলাইয়ে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। মুরসিকে পুনর্বহালের দাবিতে এর পর থেকেই বিক্ষোভ করে আসছেন তাঁর সমর্থকেরা। এএফপি।