প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হাকাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না আরকানস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মাইক হাকাবি। কিন্তু এবার রিপাবলিকান পার্টির মনোয়ন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল তাঁর। এ সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিয়ে হাকাবি বলেছেন, ‘সবকিছু আমার অনুকূলে। পরিস্থিতি বলছে, সামনে পা বাড়াও। কিন্তু আমার মন বলছে, না।’ যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে এ কথা বলেন হাকাবি।টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব হাকাবি ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার ব্যাপারে তাঁর অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘আমার জবাব স্পষ্ট। এবার প্রেসিডেন্ট পদে লড়তে রিপাবলিকানের মনোনয়ন চাইব না।’ তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তাঁর অন্তরে অবর্ণনীয় শান্তি ফিরে এসেছে।রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছেন। অনেকে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেননি। গত নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছিলেন সারাহ পেলিন। তিনিও আসন্ন নির্বাচনে লড়বেন কি না এ ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেননি। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা গত এপ্রিলে ঘোষণা দিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির হয়ে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। সূত্র: বিবিসি।