বিমান বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজিনস্কিসহ ৯৬ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার শোক পালন করেছে পোল্যান্ডবাসী। রাজধানী ওয়ারশে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গতকাল লাখ লাখ শোকসন্তপ্ত মানুষ জড়ো হয়ে প্রেসিডেন্টসহ অন্য নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় দুই মিনিটের নীরবতা পালন করা হয়। প্রাসাদের সামনের রাস্তা ফুলে ফুলে ছেয়ে যায়। নিহতদের আত্মার শান্তি কামনায় জ্বালানো হয় অসংখ্য মোমবাতি। প্রার্থনার জন্য গির্জাগুলোর দ্বার খুলে দেওয়া হয়। পোলিশ সরকার গত শনিবারই দেশটিতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দেশটির স্পিকার ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিশ্ল কমোরোভস্কি জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, এ বিয়োগান্ত ঘটনায় সমগ্র পোলিশ জাতি রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ রয়েছে, যা তাদের শোক সামলে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে। পোলিশ নেতাদের পাশাপাশি বিশ্বনেতারাও এ ঘটনায় শোক ও পোল্যান্ডবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন। খবর এএফপির।গত শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে কাচজিনস্কিকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ৯৬ জন আরোহীর সবাই মারা যান। রাশিয়ার কাতান জঙ্গলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ বাহিনীর হাতে নিহত পোলিশ সেনাদের এক স্মরণসভায় যোগ দিতে তাঁরা সেখানে যাচ্ছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রী, উপপররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। গতকাল কাচজিনস্কির মরদেহ পোল্যান্ডে আনা হয়।গতকাল স্পিকার ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিশ্ল কমোরোভস্কি টেলিভিশন ভাষণে বলেন, আজকের এই বিয়োগান্ত ঘটনার মুখোমুখি হয়ে জাতি ঐক্যবদ্ধ রয়েছে। ডান ও বামপন্থীদের মধ্যে আজ কোনো বিভেদ নেই। বিশ্লেষকেরা বলেছেন, সরকারের অনেক গুরুত্বপূর্ণ নেতা মারা গেলেও দেশটিতে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা নেই।ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কমোরোভস্কি বলেছেন, আগামী অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের কথা ছিল। কিন্তু এ ঘটনার কারণে তিনি দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে নতুন সময়সূচি নির্ধারণ করবেন। সংবিধান অনুযায়ী, জুনের শেষ নাগাদ নতুন নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, প্রেসিডেন্ট কাচজিনস্কির মৃত্যুর ঘটনায় বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন পোলিশদের উদ্দেশে বলেছেন, ‘এটা আমাদের জন্যও এক মর্মান্তিক ঘটনা। আমরা আপনাদের বেদনা উপলব্ধি করতে পারছি।’ এর আগে গত শনিবার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শোক প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১৯৮৯ সালে পোল্যান্ডে সমাজতন্ত্রের পতন ঘটানোর আন্দোলনে ভূমিকা রাখার জন্য কাচজিনস্কির প্রশংসা করেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, জার্মানি গভীরভাবে লেস কাচজিনস্কির অভাব অনুভব করবে।এদিকে, পোল্যান্ডের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্টকে বহনকারী যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ২০ বছরের পুরোনো। সরকার-প্রধানের ব্যবহারের জন্য এত পুরোনো বিমান রাখায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। পোল্যান্ড ও রাশিয়া উভয় দেশের সরকার এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।