মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট প্রাসাদ বিদ্রোহীদের দখলে
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া পালিয়েছেন
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীরা রাজধানী বাংগুইতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের প্রাসাদ দখল করেছে। এর আগে ফ্রাঁসোয়া বোজিজ দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী কঙ্গো গণপ্রজাতন্ত্রে আশ্রয় নিয়েছেন বলে একটি অসমর্থিত সূত্রে বলা হয়েছে।রাজধানী বাংগুই থেকে পাওয়া সূত্রে বলা হয়, শনিবার রাতভর সংঘর্ষের পর সেলেকা বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশ করে। সারা রাত সেখানে বিস্ফোরণ ও কামানের গোলার শব্দ শোনা গেছে।বিদ্রোহীদের অন্যতম নেতা কর্নেল ডিজুমা নারকোয়ো বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁরা প্রেসিডেন্টের প্রসাদ দখল করেছেন। তবে প্রেসিডেন্ট সেখানে ছিলেন না।ডিজুমা নারকোয়ো আরও বলেন, প্রেসিডেন্ট শান্তি চুক্তির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও জানান, তাঁরা বাংগুইয়ে অবস্থিত জাতীয় বেতারকেন্দ্রটি দখলের পরিকল্পনা করছেন। বিদ্রোহী নেতা মিশেল জোতোদিয়া সেখান থেকে ভাষণ দেবেন।মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ফ্রান্সের একটি সাবেক উপনিবেশ। ফ্রান্স ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে।এ ছাড়া প্রজাতন্ত্রের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স সেখানে সেনা মোতায়েন করছে বলে জানা গেছে। গতকাল ফ্রান্সের কর্মকর্তারা দেশটিতে থাকা ফ্রান্সের নাগরিকদের বাসায় অবস্থান করতে নির্দেশ দিয়েছেন। বিবিসি।