সিরিয়ার তেল উপমন্ত্রী আবদু হুসামেদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সমর্থন করার কথা ঘোষণা করেছেন। এক বছর আগে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকারের শীর্ষ কর্মকর্তা হিসেবে তিনিই প্রথম প্রেসিডেন্ট বাশারকে পরিত্যাগ করলেন।এদিকে ওয়াশিংটন সিরীয়বিরোধীদের বেসামরিক পন্থায় সহায়তা দেওয়ার বিষয় বিবেচনা করছে বলে প্রথমবারের মতো জানিয়েছে।গতকাল ভিডিও আদান-প্রদান করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে এক ভিডিওতে সিরিয়ার তেল উপমন্ত্রী বলেন, ‘আমি সিরিয়ার তেলবিষয়ক উপমন্ত্রী আবদু হুসামেদ্দিন সরকারের পক্ষত্যাগ, মন্ত্রিসভা থেকে ইস্তফা ও বাথ পার্টি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিচ্ছি।’ তিনি বলেন, ‘আমি সম্মানিত দেশবাসীর পক্ষে বিপ্লবে যোগ দিচ্ছি।’মন্ত্রী আরও বলেন, তিনি ৩৩ বছর ধরে সরকারে রয়েছেন, কিন্তু এখন সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চান না। তিনি বলেন, ‘যা সঠিক আমি তা-ই করেছি, যদিও আমি জানি, এ কারণে ক্ষমতাসীনেরা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেবে ও আমার পরিবারের ওপর নির্যাতন শুরু করবে।’ তিনি তাঁর বক্তব্যে দেশের অর্থনীতি ‘ভেঙে পড়ার মুখে’ বলেও মন্তব্য করেন। মন্ত্রীর এ ঘোষণাসংবলিত ভিডিওটি বুধবার ইউটিউবে সংযুক্ত (পোস্ট) করা হয়। তবে গতকাল সকাল থেকে তা দেখা যায়। প্রথমে একজন কর্মী দৃশ্যটি ধারণ করে তা ওয়েবসাইটটিতে ছাড়েন। পরে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার ব্যাপারে বিরোধীরা তাঁকে (হুসামেদ্দিন) সহায়তা করেছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রকাশ্য কোনো মন্তব্য করা হয়নি। তাছাড়া, তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতাও নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।সরকারবিরোধীদের জোট ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল অব সিরিয়ার একজন মুখপাত্র বলেন, আরও অনেক মন্ত্রী ও তাঁদের সহযোগীরা প্রেসিডেন্ট বাশারের পক্ষ ত্যাগ করবেন বলে তিনি মনে করেন। লেবাননের বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা জিম মুয়ের বলেন, সহিংসতার বিস্তার, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অর্থনীতিতে ধস ইত্যাদি কারণে সিরীয় সরকারের ভেতর যে ক্রমেই টানাপোড়েন বাড়ছে, এ পদত্যাগের ঘটনা তারই লক্ষণ। অব্যাহত সহিংসতার ধারাবাহিকতায় বুধবারও দেশের বিভিন্ন স্থানে অনেকে হতাহত হয়েছেন। বিরোধীরা দাবি করেছেন, এ দিন হোমসে ২৬ জন, ইদলিবে ছয়জন, দেরায় তিনজন এবং দামেস্ক ও আলেপ্পোতে দুজন করে নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত এক বছরে দেশটিতে সহিংসতায় সাড়ে সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন।ইতিমধ্যে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান ভ্যালেরি আমোস হোমস নগর পরিদর্শন করে জানান, কিছু কিছু এলাকা সরকারি বাহিনী ‘পুরোপুরি ধ্বংস’ করে ফেলেছে। তিনি আরও জানান, বাবা আমর এলাকা দেখে তাঁর মনে হয়েছে, এটি যেন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রায় এক মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর সেনারা গত সপ্তাহে এই এলাকা বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নেয়। মানবাধিকারকর্মীদের দাবি, সেনারা এলাকাটি দখল করে নেওয়ার পর সেখানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। যদিও সরকার বেসামরিক লোকজনের মৃত্যুর জন্য বিদ্রোহীদেরই দায়ী করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, ওয়াশিংটন সিরীয় বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র ছাড়া অন্য ধরনের সহায়তা দেওয়ার বিষয় বিবেচনা করছে। সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে বুধবার বক্তব্য দেওয়ার সময় প্যানেট্টা এই কথা বলেন। প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের এই প্রথমবারের মতো সরাসরি সহায়তা দেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে তাঁর এ বক্তব্যকে ধরা হচ্ছে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সিরিয়ায় সহিংসতা অবসানে সামরিক পদক্ষেপসহ কোনো বিকল্পকেই তাঁরা বাদ দিচ্ছেন না। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পন্থার ওপরই জোর দিচ্ছে বলেও তিনি জানান। এএফপি, বিবিসি ও পিটিআই।