প্রেসিডেন্ট বাশারের পতন আসন্ন: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তাঁকে অপসারণে মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়টি তিনি নাকচ করে দেন। এদিকে দেশটির সরকারবিরোধীদের ওপর দমন অভিযান বন্ধ এবং সেখানে মানবিক ত্রাণতৎপরতা শুরুর অনুমতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় যা ঘটছে, তা অত্যন্ত ‘হূদয়বিদারক ও ভয়াবহ’। সহিংসতাপ্রবণ হোমসের বাবা আমর এলাকায় সরকারি বাহিনীর গোলায় আমরা যে ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছি, তাতে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধানে পৌঁছানো অপরিহার্য হয়ে পড়েছে। হোমসের অজ্ঞাত স্থান থেকে একজন বাসিন্দা বলেন, ‘নিরাপত্তা বাহিনী এখানে যে নিষ্ঠুরতা চালিয়েছে, তা কল্পনাতীত।’ওবামা বলেন, অন্য স্বৈরশাসকদের মতোই প্রেসিডেন্ট বাশারের পতন হবে। সিরিয়াকে একঘরে করে ফেলার মাধ্যমে তাঁর এই পতনকে ত্বরান্বিত করার চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট বাশারের পতন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগই নেই। তবে কখন তাঁর পতন হবে, তা দেখার বিষয়। সংবাদ সম্মেলনে ওবামা ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্কিন সিনেটর জন ম্যাককেইনের আহ্বান নাকচ করে দেন। ম্যাককেইন সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলার মাধ্যমে দেশটির নিরীহ নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কেউ কেউ আমাদের একতরফা সামরিক পদক্ষেপ নিতে বলছেন। তাঁরা সংকট মোকাবিলায় একে সহজ সমাধান বলে মনে করতে পারেন। কিন্তু আমি মনে করি, এটা একটা ভুল সিদ্ধান্ত।’ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট তাঁর সমালোচকদের যুদ্ধের খেসারত ভুলে না যাওয়ার বিষয়েও সতর্ক করে দেন।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ভ্যালেরি আমস এবং জাতিসংঘ ও আরব লিগের যৌথ বিশেষ প্রতিনিধি কফি আনান সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে সে দেশ সফর করছেন। ভ্যালেরির গতকাল বুধবারই দামেস্কে পৌঁছান। তিনি গতকালই সংক্ষিপ্ত সফরে হোমসের বাবা আমরে যান। সেখানে তিনি সিরিয়ার রেডক্রসের কর্মকর্তাদের নিয়ে এক ঘণ্টা কাটান। জাতিসংঘ দাবি করেছে, দেশটিতে সহিংসতায় এ পর্যন্ত সাত হাজার ৫০০-এর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ভ্যালেরি আমস ও কফি আনানের এ সফরসূচির মধ্যে মঙ্গলবার জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিশ্বনেতারা। সিরিয়ায় বিরোধীদের ওপর অবিলম্বে দমন অভিযান বন্ধ করার দাবি জানিয়ে এবং সেখানে আন্তর্জাতিক ত্রাণতৎপরতা চালানোর অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাবের ওপর বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে দেশটির বর্তমান সহিংস পরিস্থিতিতে সবাই অসন্তোষ প্রকাশ করলেও কীভাবে এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, সে বিষয়ে তাঁরা বিভক্তই থেকে যান। এ সময় পশ্চিমা নেতারা সিরিয়ায় লিবিয়ার আদলে কোনো সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বাতিল করে দেন। এ প্রসঙ্গে হোয়াইট হাউস বলেছে, সহিংসতার সমাপ্তি ঘটাতে ওবামা প্রশাসন কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি প্রেসিডেন্ট বাশারের অর্থায়নের উৎস বন্ধ ও তাঁর বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে সিরিয়া সরকারকে একঘরে করে ফেলতেও আগ্রহী ওবামা প্রশাসন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা লিবিয়ার সঙ্গে সিরিয়াকে তুলনা করার চেষ্টা প্রত্যাখ্যান করে বলেন, সিরিয়ার পরিস্থিতি অধিকতর জটিল। তিনি বলেন, ‘এ রকম সমস্যার সব আমাদের সেনাদের অংশগ্রহণের মাধ্যমে সমাধানের ধারণা অতীতে সর্বাংশে সঠিক বলে প্রতীয়মান হয়নি এবং তা এখনো হবে না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দিকটি অক্ষুণ্ন রেখে আমাদের সবচেয়ে কার্যকর পন্থাটি বিবেচনা করতে হবে।’ এএফপি, বিবিসি।