প্রেসিডেন্ট মুরসির ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে মিসরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা বাড়িয়ে জারি করা ডিক্রির প্রতিবাদে গতকাল শুক্রবার দেশটিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদলীয় নেতারা এ বিক্ষোভের ডাক দেন। তাঁরা এই ডিক্রিকে প্রেসিডেন্টের ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ বলে সমালোচনা করেছেন।এদিকে মোহাম্মদ মুরসি গতকাল কায়রোতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, তিনি মিসরের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে নিজের ক্ষমতা সম্প্রসারিত করেছেন। বিক্ষোভের কারণে তিনি পাকিস্তানে তাঁর এক সরকারি সফর বাতিল করেছেন।প্রেসিডেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো নিষিদ্ধ করে বৃহস্পতিবার ওই ডিক্রি জারি করেন মুরসি। ডিক্রির আওতায় তাঁর সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাতে ২০১১ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় অভিযুক্তদের পুনর্বিচারের পথও ডিক্রির মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।প্রেসিডেন্ট মুরসির সমালোচকেরা একে ‘বৈধতার বিরুদ্ধে অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির আইনজীবী ফোরামের প্রধান সামেহ আসআওয়ার, বিরোধীদলীয় নেতা ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদি এবং আরব লিগের সাবেক প্রধান আমর মুসা প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ করেন। এই ডিক্রি জারি করে মুরসি বিচার বিভাগের স্বাধীনতাও হরণ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। সংবাদ সম্মেলন থেকে তাঁরা গতকাল দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন।প্রেসিডেন্ট মুরসিকে ‘নতুন ফারাও’ অভিহিত করে তাঁকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন এল বারাদি। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককেও একই খেতাব দেওয়া হয়েছিল।বিরোধী নেতাদের ডাকে সাড়া দিয়ে গতকাল জুমার নামাজের পর প্রেসিডেন্টের বিরোধী হাজার হাজার মানুষ রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে বিক্ষোভে সমবেত হন। একই দিন মিসরের প্রভাবশালী দল মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা উত্তর কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হয়ে ওই পদক্ষেপের প্রতি তাঁদের সমর্থন জানান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতির মাধ্যমে ওই ডিক্রি পড়ে শোনান মুরসির মুখপাত্র ইয়াসির আলি। বিবৃতিতে বলা হয়, ‘দেশের সফল বিপ্লবকে রক্ষায় প্রেসিডেন্ট যেকোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা নিতে পারবেন। প্রেসিডেন্টের দেওয়া সাংবিধানিক ঘোষণা, সিদ্ধান্ত ও আইন চূড়ান্ত বলে গণ্য হবে। এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।’মুখপাত্র বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ফেরাতে এবং পুরোনো শাসকের গৃহীত ব্যবস্থা ভেঙে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স