প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে কায়রোর রাজপথে গতকাল শুক্রবার বিক্ষোভ হয়েছে। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। প্রেসিডেন্ট মুরসি একচ্ছত্র ক্ষমতা দখল করতে চান বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন এবং ব্রাদারহুডের আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানান।ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিক্ষোভের ব্যাপারে প্রচার চালানো হয়। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হবে না। এমনকি আইন লঙ্ঘনকারীদের সঙ্গেও নমনীয় আচরণ করা হবে।ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এই বিক্ষোভকে তাঁর জনপ্রিয়তার প্রথম পরীক্ষা বলে বিবেচনা করা হচ্ছে। তবে ব্রাদারহুডের সমালোচনাকারী কয়েকটি সংগঠন বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত ছিল। এদের মধ্যে ‘এপ্রিল ৬’ নামের একটি যুব সংগঠনও রয়েছে। সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে ২০১১ সালে অপসারণে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোবারকের ৩০ বছরের শাসন সত্ত্বেও মিসরের রাজনীতিতে ব্রাদারহুডের শক্তিশালী অবস্থান অটুট ছিল। মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক পরিষদের দেড় বছরের শাসন শেষে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসে। রয়টার্স।