সরকারের ব্যয়সংকোচন নীতির প্রতিবাদে ইকুয়েডরে গত বৃহস্পতিবার বিদ্রোহ করে সে দেশের পুলিশ বাহিনী। বিদ্রোহী পুলিশ সদস্যরা প্রেসিডেন্ট রাফায়েল করেয়াকে একটি হাসপাতালে অবরুদ্ধ করে ফেলেন। ১২ ঘণ্টা পর প্রেসিডেন্টের অনুগত সেনারা এক রুদ্ধশ্বাস অভিযানে তাঁকে উদ্ধার করেন। করেয়া এটিকে অভ্যুত্থানের চেষ্টা বলে উল্লেখ করেন। ওই উদ্ধার অভিযানে সেনাদের গুলিতে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। সেখানে এক সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।রেডক্রস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু হয় বৃহস্পতিবার সকালের দিকে। সরকারের ব্যয়সংকোচন নীতি অনুযায়ী বোনাস কর্তন ও বেতন বাড়ানোর প্রস্তাব বাতিল করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশ সদস্যরা। তাঁরা বিদ্রোহ করেন এবং রাজধানী কিটো, গুয়াইয়াকিল ও কুয়েনকা শহরে পুলিশ ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বিদ্রোহীদের শান্ত করতে রাজধানীর পুলিশ ব্যারাকে যান করেয়া। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি নাগরিকদের নিরাপত্তাহীন অবস্থায় রাখতে চান, নিজেদের দায়িত্ব পালন করতে না চান, ব্যারাক দখল করে নিতে চান, তাহলেও আমি পিছু হটব না। আপনারা যদি প্রেসিডেন্টকে হত্যা করতে চান, এই যে সে আপনাদের সামনে। আপনাদের যদি এতই সাহস থাকে, তাহলে আমাকে হত্যা করুন।’ এ কথা বলে নাটকীয়ভাবে বুকের কাছে শার্ট ছিঁড়ে ফেলেন তিনি।ওই সময়ই ব্যারাকের পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। প্রেসিডেন্টের খুব কাছে কাঁদানে গ্যাসের একটি শেল বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। তাঁকে দ্রুত কাছের পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিদ্রোহী পুলিশ সদস্যরা হাসপাতাল ঘিরে ফেলেন এবং প্রেসিডেন্টকে অবরুদ্ধ করে রাখেন। পরে কিটোর রাজপথে সংঘাত ছড়িয়ে পড়ে। বিদ্রোহী পুলিশ সদস্যরা ইকুয়েডরের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তা বন্ধ করে দেন এবং আইনসভায় হামলা চালান।করেয়ার অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা রাজপথে নেমে আসে এবং তাঁকে উদ্ধারের চেষ্টায় হাসপাতালের দিকে জড়ো হওয়ার চেষ্টা করে। এরই মধ্যে অনুগত সেনাবাহিনী প্রেসিডেন্টকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়। সেনাসদস্যরা হাসপাতালে গেলে পুলিশ ও সেনাদের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে পুলিশের দুই সদস্য নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হন। সেনাবাহিনীর আরেকটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে সেটিকে অবরোধমুক্ত করে। পরে তা আবার খুলে দেওয়া হয়।হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট করেয়া। এ ঘটনাকে অভ্যুত্থান দাবি করে তিনি বলেন, বিরোধী দল এবং পুলিশ ও সশস্ত্র বাহিনীর একটি অংশ এর জন্য দায়ী। বিদ্রোহীরা তাঁকে হত্যা করতে চেয়েছিল। তিনি দায়ীদের শাস্তিদানের অঙ্গীকার করেন।ইকুয়েডরের অস্থিতিশীল এই পরিস্থিতিতে দ্রুত করেয়ার প্রতি সমর্থন জানায় প্রতিবেশী দেশগুলোর সরকার। পেরু ও কলম্বিয়া দেশটির সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। আঞ্চলিক সংস্থা অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) দ্রুত জরুরি বৈঠক আহ্বান করে। তারা করেয়ার অভ্যুত্থানের দাবিকে সমর্থন জানিয়ে সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানায়। দক্ষিণ আমেরিকার নেতারা এ ঘটনার নিন্দা জানান। হোয়াইট হাউসও করেয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। বামপন্থী নেতা করেয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেন, করেয়া তাঁকে বৃহস্পতিবার টেলিফোনে অভ্যুত্থানের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৬ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন রাফায়েল করেয়া। গত বছর তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন। এএফপি, বিবিসি।