প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাইতিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভালের পদত্যাগের দাবিতে সোমবার এক হাজারের বেশি বিক্ষোভকারী রাজধানী পোর্ট অ প্রিন্সে সমাবেশ করেছে। ওই সমাবেশে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। মেয়াদের বেশি সময় থাকার ব্যাপারে প্রেসিডেন্ট প্রিভালের পরিকল্পনার বিরোধীরা ওই সমাবেশ আহ্বান করে।হাইতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু গত জানুয়ারিতে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হওয়ায় ধারণা করা হচ্ছে, নির্বাচন পেছাতে পারে।পোর্ট অ প্রিন্সে বিবিসির প্রতিবেদক নিক ডেভিস বলেন, হাইতির অনেকেরই আশঙ্কা প্রেসিডেন্ট ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর মেয়াদ শেষ হলেও তিনি ১৪ মে পর্যন্ত ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভূমিকম্পে জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পার্লামেন্ট প্রেসিডেন্টের মেয়াদ ৯৬ দিন বাড়িয়েছে। ভূমিকম্পের কারণে নির্বাচন-সংক্রান্ত অনেক নথি হারিয়ে গেছে। অনেক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। কিন্তু বিরোধী পক্ষ বলছে, এত কিছুর পরও নির্বাচন পেছানোটা হবে অসাংবিধানিক।সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানায়। সমাবেশে অংশ নেওয়া বেশির ভাগ জনতা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও অনেক স্থানে পুলিশের বিরুদ্ধে জনতা উত্তেজিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কিছু অংশ নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট জ্যঁ বার্ট্রান্ড এরিস্টাইডকে ফিরিয়ে আনার কথা বলেছে।বিক্ষোভকারীদের একজন হার্ভি সান্তিলাস বলেন, প্রিভাল এই দুর্যোগকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়ে। পরে অবশ্য বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে আগামীকাল বৃহস্পতিবার তারা আবার সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে। বিবিসি।