প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথের বিরুদ্ধে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর ওপর যৌন নিপীড়নের ঘটনায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত এডওয়ার্ড হিথের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। বিষয়টি যুক্তরাজ্যের রাজনীতিকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের আরও অনেকে এ ধরনের যৌন নির্যাতনে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর এএফপি ও বিবিসির।
কনজারভেটিভ পার্টির নেতা হিথ ১৯৭০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। চিরকুমার এই রাজনীতিবিদ ২০০৫ সালে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।
পুলিশ গত সোমবার জানায়, ১৯৯০-এর দশকে হিথের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে উইল্টশায়ার পুলিশের ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড এখন হিথের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছে।
১৯৯০-এর দশকে হিথের বিরুদ্ধে একটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল বলে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন। যুক্তরাজ্যের ডেইলি মিরর পত্রিকা গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে উদ্ধৃত করে লিখেছে, তিনি ১৯৬১ সালে ১২ বছর বয়সে হিথের নির্যাতনের শিকার হন।
হিথ সত্যিই এ ধরনের অপরাধে জড়িত ছিলেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।