প্লাস্টিকের গ্রহ হয়ে যাচ্ছে পৃথিবী
প্লাস্টিকের উৎপাদন বেড়েই চলছে। অবস্থা এমন দিকে যাচ্ছে যে পৃথিবীটা একটা প্লাস্টিকের গ্রহে রূপ নিচ্ছে। বিজ্ঞানীরা তেমনটাই বলছেন। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ-যাবৎ উৎপাদিত প্লাস্টিকের মোট পরিমাণ হিসাব করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। এই হিসাবের ভিত্তিতে তাঁরা বলছেন, এ পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের মোট পরিমাণ ৮ দশমিক ৩ বিলিয়ন টন।
বিজ্ঞানীরা হিসাব কষে বলছেন, পৃথিবীতে মোট যে পরিমাণ প্লাস্টিক উৎপাদিত হয়েছে, তার ওজন এক বিলিয়ন হাতি বা ২৫ হাজারটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান।
প্লাস্টিক উৎপাদনের হারকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, প্যাকেজিংয়ের মতো প্লাস্টিকসামগ্রী খুব কম সময়ের জন্য ব্যবহার করে তা ফেলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বিজ্ঞানী দলটির প্রধান শিল্প পরিবেশবিদ রোল্যান্ড গেয়ার বলেন, ‘আমরা দ্রুতই প্লাস্টিক গ্রহের দিকে ধাবিত হচ্ছি। আর আমরা যদি তেমন জগতে বাস করতে না চাই, তাহলে আমাদের বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার নিয়ে পুনরায় ভাবতে হবে।’
প্লাস্টিক নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রোল্যান্ড গেয়ার ও তাঁর সহযোগীদের গবেষণা নিবন্ধ গতকাল সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণাধর্মী নিবন্ধটিতে সত্যিকার অর্থেই প্রথমবারের মতো বৈশ্বিক প্লাস্টিক উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের হরেক রকমের ব্যবহার এ গবেষণায় উঠে এসেছে।