প্লুটোর পঞ্চম উপগ্রহ আবিষ্কার
সৌরজগতের বামন গ্রহ হিসেবে পরিচিত প্লুটোর নতুন আরেকটি উপগ্রহ (চাঁদ) আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্লুটোর মোট পাঁচটি উপগ্রহ আবিষ্কৃত হলো। নতুন আবিষ্কৃত এই উপগ্রহটির নাম দেওয়া হয়েছে পি-৫।প্লুটোকে বৃত্তাকারে পরিভ্রমণ করা এই উপগ্রহটি সম্প্রতি মহাকাশ টেলিস্কোপ হাবলে ধরা পড়েছে। হাবলের তোলা ছবিতে আলোর ক্ষুদ্র কণার মতো দেখা গেছে উপগ্রহটিকে। এর আকার অনিয়মিত। নতুন উপগ্রহটির পরিধি ১০ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার।বিজ্ঞানীরা বলছেন, প্লুটো গ্রহ কীভাবে গঠিত এবং বিকশিত হয়েছে, তা বুঝতে সহায়ক ভূমিকা রাখবে নব আবিষ্কৃত পি-৫ উপগ্রহটি। বিজ্ঞানীদের একটি ধারণা হচ্ছে, শত শত কোটি বছর আগে প্লুটোর সঙ্গে বিশাল আকৃতির বরফসদৃশ বস্তুর সংঘর্ষের পর এসব উপগ্রহ সৃষ্টি হয়।গত জুন মাস ও চলতি জুলাইয়ের প্রথম দিকে হাবল টেলিস্কোপের ওয়াইড ফিল্ড ক্যামেরা-৩-এর সাহায্যে প্লুটোর কক্ষপথের পৃথক নয় সেট ছবি তোলা হয়। ওই ছবিগুলোতে নতুন এই উপগ্রহটি ধরা পড়ে। প্লুটোর সর্ববৃহৎ চাঁদ বা উপগ্রহ ‘চ্যারন’ আবিষ্কার করা হয় ১৯৭৮ সালে। এর পর ২০০৬ সালে হাবল টেলিস্কোপে ধরা পড়ে প্লুটোর দ্বিতীয় ও তৃতীয় উপগ্রহ নিক্স এবং হাইড্রা। ২০১১ সালে পি-৪ উপগ্রহ আবিষ্কার করে হাবল। বিবিসি।