পড়ুয়াদের দেশেও কমছে পাঠাগার

পড়ুয়া জাতি হিসেবে ব্রিটিশদের খ্যাতি আছে। কিন্তু পাঠাগারে গিয়ে তাঁদের পড়াশোনার অভ্যাস গত এক দশকে কমেছে ৩০ শতাংশ। যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগ (ডিসিএমএস) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
পাঠাগারে আনাগোনা সবচেয়ে কমেছে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে। ডিসিএমএসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে এই বয়সী ৫১ শতাংশ পাঠাগারে যেতেন। আর ২০১৫ সালে এই হার নেমে এসেছে ২৫ দশমিক ২ শতাংশে।
ঐতিহ্যবাহী অভ্যাসে কেন এই পরিবর্তন? কিশোর-তরুণ বয়সীদের এখন নাকি অবসর সময় আগের চেয়ে অনেক কমে এসেছে। জরিপ কর্মীদের সঙ্গে আলাপকালে তাঁদের অনেকে এমন কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন, পাঠাগারে যাতায়াত কমলেও তাঁরা বই পড়া ছাড়েননি। কিনে নেন অথবা অন্য কারও কাছ থেকে সংগ্রহ করে পড়েন। আবার অনেকে বললেন, তাঁরা ছাপা কাগজের বইয়ের বদলে এখন যান্ত্রিক বই (ই-বুক) পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
জাতীয় পর্যায়ে পাঠাভ্যাস বদলের বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রিটিশরা। লাইব্রেরি ক্যাম্পেইন আন্দোলনের ট্রাস্টি এলিজাবেথ অ্যাশ বলেন, এই সংকট নিরসনের লক্ষ্যে জরুরি উদ্যোগ নিতে হবে। লোকে পাঠাগারে গিয়ে সেগুলো বন্ধ দেখলে কী করবে? তাই আরও বেশি সময় ধরে খোলা রাখতে হবে প্রতিষ্ঠানগুলো।
ব্যবহার কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক পাঠাগার। বিবিসি জানায়, ২০১০ সাল পর্যন্ত যুক্তরাজ্যে ৩৪৩টি পাঠাগার বন্ধ হয়েছে। এ বছর বন্ধ হবে আরও ১১১টি।
কর্তৃপক্ষের সিদ্ধান্তেই বন্ধ হয়েছে এসব পাঠাগার। এ বিষয়ে সরকারের সমালোচনা করেছে হাউস অব লর্ডস। ব্রিটিশ আইনসভার উচ্চকক্ষের সদস্যরা অভিযোগ করেন, পাঠাগার কমে যাওয়ার পরিণামে বিশৃঙ্খলা, অপরাধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা সমস্যা দেখা দেবে। পর্যাপ্ত দক্ষতার অভাবে শিশুরা পরবর্তী জীবনে কাজ পাবে না।
জবাবে সরকারের প্রতিনিধি লর্ড অ্যাশটন বলেন, পাঠাগার খুবই প্রয়োজনীয়। পাশাপাশি বইয়ের দোকানও দেশের নাগরিক, সাংস্কৃতিক ও শিক্ষার কল্যাণে অনেক অবদান রাখে। সরকার পাঠাগারের গুরুত্ব স্বীকার করে।