আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আর্জেন্টিনা অভিযোগ করেছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাজ্য। ওই অঞ্চল ‘সামরিকায়নের’ অভিযোগে যুক্তরাজ্যের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করেছে আর্জেন্টিনা। এই দ্বীপপুঞ্জ তাদের কাছে ‘মালভিয়ানস’ বলে পরিচিত।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই দ্বীপপুঞ্জ নিয়ে ‘সংঘর্ষ’ এড়াতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের দখলে রয়েছে। ১৯৮২ সালে ফকল্যান্ডের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। দুই দেশই এ দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। লাতিন আমেরিকার মূল ভূখণ্ডের নিকটবর্তী এই দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার কাছাকাছি অবস্থিত।আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী টাইমারম্যান অভিযোগ করেন, যুক্তরাজ্য সামরিক শক্তির বদৌলতে ১৪ হাজার কিলোমিটার দূর থেকে ফকল্যান্ড নিয়ন্ত্রণ করছে। দেশটি আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে পারমাণবিক ডুবোজাহাজ পাঠিয়েছে। তারা এই অঞ্চলকে ‘সামরিকায়ন’ করছে, যা ১৯৬৭ সালের লাতিন আমেরিকা চুক্তির বিরোধী। চুক্তি অনুযায়ী ওই অঞ্চলে পারমাণবিক অস্ত্র পাঠানো বা ব্যবহার নিষিদ্ধ।পররাষ্ট্রমন্ত্রী টাইমারম্যান ওই অঞ্চল ‘সামরিকায়নের’ অভিযোগে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছেন। তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যাপারে তাঁরা কী চান—এ বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে বান কি মুনের সঙ্গে বৈঠক করেন টাইমারম্যান।জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসার্কি জানান, টাইমারম্যানের সঙ্গে বৈঠকের পর বান কি মুন আশা প্রকাশ করেন, ফকল্যান্ড প্রশ্নে উভয় দেশ যেকোনো সাংঘর্ষিক পরিস্থিতি এড়াবে এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান করবে। মুখপাত্র আরও জানান, আর্জেন্টিনা ও যুক্তরাজ্য চাইলে বান কি মুন সংকট সমাধানের উদ্যোগ নিতে প্রস্তুত আছেন। জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ দূত মার্ক লিয়াল গ্রান্ট বলেন, যুক্তরাজ্য ‘যেকোনো মূল্যে’ ফকল্যান্ড রক্ষা করবে। তিনি বলেন, যুক্তরাজ্য ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু সেই আলোচনা অবশ্যই ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে নয়। ফকল্যান্ড অঞ্চল ‘সামরিকায়নের’ অভিযোগ অযৌক্তিক ও উদ্ভট বলে আখ্যা দেন লিয়াল গ্রান্ট। ওই অঞ্চলে পারমাণবিক ডুবোজাহাজ পাঠানোর অভিযোগ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।আর্জেন্টিনা গত সপ্তাহে যুক্তরাজ্যের বিরুদ্ধে ফকল্যান্ড দ্বীপে সামরিকায়নের অভিযোগ জাতিসংঘে উত্থাপনের ঘোষণা দেয়। যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এলাকায় রণতরী পাঠাচ্ছে—গত মাসে যুক্তরাজ্যের এ ঘোষণার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।