ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন করে আলোচনার দাবি আর্জেন্টিনার
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু করার দাবি জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ।গত বৃহস্পতিবার নিউইয়র্কে ফকল্যান্ড যুদ্ধের ৩০তম বার্ষিকীতে উপনিবেশবাদবিরোধী জাতিসংঘের এক কমিটির বৈঠকে ক্রিস্টিনা ফার্নান্দেজ বলেন, ইতিহাস ও ভূগোল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা-সংক্রান্ত আর্জেন্টিনার দাবিকে সমর্থন করছে।আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রশ্ন উত্থাপন করে বলেন, ১৪ হাজার কিলোমিটার দূরের অংশ কীভাবে যুক্তরাজ্যের অংশ হতে পারে? তিনি অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্য বিশেষ সুবিধা ভোগ করছে।তবে, ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন করে আলোচনায় বসার দাবি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।জাতিসংঘের ওই সভায় ফকল্যান্ড দ্বীপের দুজন আইন প্রণেতাও বক্তব্য দেন। তাঁরা নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিষয়ে জোর দেন।আইনপ্রণেতা মাইক সামার্স বলেন, ফকল্যান্ড দ্বীপের বাসিন্দাদের ‘স্বতন্ত্র ও সুস্পষ্ট পরিচয়’ রয়েছে। বাসিন্দারা দ্বীপটিকে নিজেদের ঘর ও দেশ হিসেবে বিবেচনা করে। মাইক সামার্স ফকল্যান্ড সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবসংক্রান্ত একটি চিঠি আর্জেন্টিনার প্রেসিডেন্ট বৈঠকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আর্জেন্টিনা কর্তৃপক্ষ চিঠিটি সরাসরি গ্রহণ না করে তা দূতাবাসের মাধ্যমে পাঠানোর কথা বলেছে।এদিকে সার্বভৌমত্বের প্রশ্নে আর্জেন্টিনার দাবির পরিপ্রেক্ষিতে ফকল্যান্ড দ্বীপে গণভোট অনুষ্ঠিত হবে। ওই গণভোটের মাধ্যমেই দ্বীপের বাসিন্দারা নিজেদের ‘রাজনৈতিক অবস্থান’ ঠিক করবেন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন, গণভোটের ফলাফলকে তিনি সমর্থন করবেন। দ্বীপটির সরকার জানিয়েছে, ভোটের মাধ্যমে তারা আর্জেন্টিনাকে স্পষ্টভাবে জানাতে চায় যে বাসিন্দারা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চায়।উল্লেখ্য, ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। ৭৪ দিন স্থায়ী ওই যুদ্ধের পর অর্জেন্টিনার সেনারা ফকল্যান্ড দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হয়। বিবিসি, এএফপি।