ফকল্যান্ডে গণভোট শুরু, আর্জেন্টিনার প্রত্যাখ্যান
ফকল্যান্ডে গতকাল রোববার গণভোট শুরু হয়েছে। আজ সোমবারও এই দ্বীপে গণভোট চলবে। তবে আর্জেন্টিনা ইতিমধ্যে এই গণভোট প্রত্যাখ্যান করে একে বেআইনি বলে দাবি করেছে।গণভোট উপলক্ষে ফকল্যান্ডবাসী ভোটের আগেই যুক্তরাজ্য ও ফকল্যান্ডের পতাকা ওড়ান। এ ছাড়া তাঁরা ৩০টি ল্যান্ড রোভার গাড়ি দিয়ে ‘ইয়েস’ শব্দটি তৈরি করেন। দ্বীপের এক হাজার ৬৭২ ভোটারের মতামত জানতে চাওয়া হলে তাঁরা যুক্তরাজ্যের পক্ষেই থাকতে চান বলে মতামত দিয়েছেন। ছয় পুরুষ ধরে দ্বীপটিতে বসবাস করছেন জেন চিক। তিনি জানান, আর্জেন্টিনার মনোভাব রাতারাতি পরিবর্তন হবে না। কিন্তু এই ভোটের মাধ্যমে দ্বীপবাসীর মনোভাবের একটি বার্তা দেওয়া হবে বিশ্ববাসীকে। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, এই গণভোট পুরোপুরিই যুক্তরাজ্যের উদ্দেশ্য প্রণোদিত। ১৮৩৩ সাল থেকে যুক্তরাজ্য দ্বীপটি দখল করে আছে। তবে আর্জেটিনা সব সময়ই দ্বীপটিকে তাদের অংশ দাবি করে আসছে। এএফপি।