ফতোয়ার আইনি বৈধতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার কোনো আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত গতকাল সোমবার এক রায়ে বলেন, কোনো ব্যক্তি ধর্মীয় মতামত নিতে দারুল কাজা বা অন্য কোনো মুফতির কাছে না গেলে, সেই ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া জারি বা কার্যকর করা যাবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
২০০৫ সালে উত্তর প্রদেশ রাজ্যের আলোচিত এক ধর্ষণের ঘটনার উদাহরণ টেনে এসব কথা বলেছেন সুপ্রিম কোর্ট। ওই বছরের ৬ জুন রাজ্যের মোজাফ্ফরনগর জেলার একটি গ্রামে শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হন ২৮ বছর বয়সী এক মুসলিম নারী। ওই ঘটনার পর স্থানীয় মুসলিম পঞ্চায়েত ফতোয়া দেয়, শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হওয়ায় ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর বৈবাহিক সম্পর্ক বাতিল হয়ে গেছে। স্বামীকে এখন থেকে ওই গৃহবধূর সন্তান হিসেবে বিবেচনা করতে হবে। ওই ফতোয়া নিয়ে তখন ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
শরিয়ত আদালত গঠনের মাধ্যমে ফতোয়া দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি (পিআইএল) করেছিলেন আইনজীবী বিশ্ব লোচান মাদাম।