ফনসেকাকে আগেভাগে ক্ষমা নয়: রাজাপক্ষে
শ্রীলঙ্কার সামরিক আদালতে বিচারের মুখোমুখি হওয়া সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকাকে আগেভাগেই ক্ষমা করবেন না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফনসেকাকে বোকা এবং রাজনীতির মাঠে অপ্রস্তুত বলে মন্তব্য করেন রাজাপক্ষে।গত মঙ্গলবার সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট রাজাপক্ষে এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ওই সাক্ষাত্কার প্রকাশিত হয়। সাক্ষাত্কারে উঠে আসে গৃহযুদ্ধ-পরবর্তী শ্রীলঙ্কাকে ঘিরে রাজাপক্ষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা। দেশ থেকে তামিল টাইগার বিদ্রোহীদের পুরোপুরি নির্মূল করতে কিছুটা সময় লাগবে বলেও জানান রাজাপক্ষে। সাক্ষাত্কারে ফনসেকাকে লক্ষ্য করে রাজাপক্ষে বলেন, ‘তিনি একজন বোকা। গত ১৬ নভেম্বর তিনি আমার সঙ্গে দেখা করেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। তিনি বলেছিলেন, না, স্যার। আমি এ ব্যাপারে এখনো চিন্তা করিনি। এমনকি আমার সঙ্গে তাঁর শেষ দেখা করার সময়ও তিনি আমাকে কিছু বলেননি।’রাজাপক্ষে আরও বলেন, ‘তখন আমি তাঁকে পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম, সেনাবাহিনীর জন্য রাজনীতি নয়। সেনাবাহিনীতে যখন আপনি আদেশ দেন, তখন তা পালন করা হয়। কিন্তু রাজনীতিতে আপনি যখন আদেশ দেবেন, তখন বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।’ গত বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তামিল বিদ্রোহীদের সঙ্গে জেতা যুদ্ধে সরকারি বাহিনীকে নেতৃত্ব দেন ফনসেকা। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষের কাছে পরাজিত হন তিনি। এরপর গত ৮ ফেব্রুয়ারি সামরিক বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং সামরিক সরঞ্জাম কেনায় অসদুপায় অবলম্বন করেন। ওই দুটি অভিযোগে কলম্বোয় সামরিক আদালতে ফনসেকার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর দুই থেকে পাঁচ বছর সাজা হতে পারে। তখন আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এ ছাড়া ফনসেকার বিরুদ্ধে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে হত্যা ও সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগ এনেছে সরকার। রাজাপক্ষে আগেভাগেই তাঁর প্রতিদ্বন্দ্বীকে ক্ষমা করবেন না বলে জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমি যদি তাঁকে ক্ষমা করে দিই, তবে সেনাবাহিনীর শৃঙ্খলার কী হবে? অন্য কর্মকর্তাদের সামরিক বিচারের ব্যাপারে কী হবে? আমি কী-বা করতে পারি? এটা ব্রিটিশ আইন। তারা (ব্রিটিশরা) এটা ভারত ও আমাদের দিয়ে গেছে।’ এএফপি।