ফনসেকার কারাদণ্ড অনুমোদন করেছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দেশটির সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার ৩০ মাসের কারাদণ্ড অনুমোদন করেছেন। দুর্নীতির অভিযোগে একটি সামরিক আদালতে এ মাসের গোড়ার দিকে ফনসেকার এ সাজা হয়। কলম্বোর শীর্ষ কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।মন্ত্রিপরিষদের মুখপাত্র ও গণমাধ্যম এবং তথ্যবিষয়ক মন্ত্রী কেহেলিয়া রামবুকুয়েলা বলেছেন, প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধানের সাজার রায় অনুমোদন করেছেন এবং এ সংক্রান্ত কাগজে সই করেছেন।কেহেলিয়া রামবুকুয়েলা ফনসেকার সাজার মেয়াদ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, সামরিক আদালতের রায়ের ওপর সাজার মেয়াদের বিষয়টি নির্ভর করছে। এ রায় নিয়ে আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে বলে তিনি জানান।তবে প্রেসিডেন্টের কার্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সামরিক আদালতে সাবেক সেনাপ্রধানের ৩০ মাসের যে সাজা হয়েছে, তা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত বুধবার দেশে ফেরেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। এর পরপরই তিনি ফনসেকার বিরুদ্ধে দেওয়া সামরিক আদালতের রায় অনুমোদন করেন। শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সামরিক আদালতের রায় প্রেসিডেন্টের অনুমোদন করার বিধান রয়েছে।১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার দ্বিতীয় কোর্ট মার্শাল ফনসেকাকে চারটি অভিযোগে তিন বছরেরও বেশি সাজা দেন। তবে প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। ফনসেকার বিরুদ্ধে অভিযোগ, তিনি দরপত্র কার্যক্রম বিধি লঙ্ঘন করে সেনাবাহিনীর জন্য অস্ত্র সরঞ্জাম কিনেছেন। এর এক সপ্তাহ আগে প্রথম কোর্ট মার্শাল ফনসেকাকে সব সামরিক পদবি ও তাঁর অবসরকালীন ভাতা বাতিল করে দেন। সেনাবাহিনীতে থাকাকালে রাজনীতিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়।উল্লেখ্য, গত বছরের মে মাসে তামিল টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সেনাবাহিনীর সফল সর্বাত্মক যুদ্ধে নেতৃত্ব দেন সেনাপ্রধান ফনসেকা। কিন্তু তিনি তাঁর জামাতার পরিচালিত একটি প্রতিষ্ঠানকে অন্যায় সুবিধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জামাতার ওই প্রতিষ্ঠান থেকে বিধি লঙ্ঘন করে সামরিক সরঞ্জাম কেনার অভিযোগ রয়েছে। এই অভিযোগে হাইকোর্টে তাঁর জামাতার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। পিটিআই।