ফনসেকার মুক্তির দাবিতে কলম্বোয় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোয় বিক্ষোভ করেছেন বিরোধী দলের সমর্থকেরা। গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের কাছে হেরে যান ফনসেকা।কলম্বোর প্রধান রেলওয়ে স্টেশনের বাইরে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেন পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) শত শত সমর্থক। প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকাকে সমর্থন দিয়েছিল জেভিপি।এদিকে গত সোমবার কলম্বোয় একটি টেলিভিশন স্টেশন লক্ষ্য করে অজ্ঞাতনামা একদল লোক পাথর ছোড়ে। পার্লামেন্ট নির্বাচনের আগে ওই পাথর ছোড়ার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকেই।সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় রাজনীতিতে জড়ানো ও সামরিক সরঞ্জাম কেনায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সামরিক আদালতে ফনসেকার বিচার শুরু হয়েছে। আরেক দফা শুনানির আগে গতকাল ওই বিক্ষোভ দেখান সরকারবিরোধীরা।গত বছর তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন শরত্ ফনসেকা। কিন্তু ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর যুদ্ধক্ষেত্রের দুই মিত্র ফনসেকা ও প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে খুব অল্প সময়ের মধ্যে পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষে পরিণত হন।পার্লামেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে ৬ এপ্রিল সামরিক আদালতে ফনসেকার মামলার শুনানি হওয়ার কথা। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ফনসেকাকে আটক করা হয়। পার্লামেন্ট নির্বাচনে জেভিপির সমর্থনপুষ্ট ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্স দলের একজন প্রার্থী ফনসেকা।তামিল টাইগার বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করার ছয় মাস পর সেনাবাহিনী ছেড়ে রাজনীতিতে নাম লেখান শরত্ ফনসেকা। এএফপি।