ফনসেকার মুক্তির নির্দেশ প্রেসিডেন্ট রাজাপক্ষের
শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ও প্রধান বিরোধী নেতা শরৎ ফনসেকাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক চাপের মুখে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ অবসানের তিন বছর পর তাঁকে মুক্তি দেওয়া হলো। কর্মকর্তারা গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সোমবার (আজ) ফনসেকাকে মুক্তি দেওয়া হতে পারে। ২০১০ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহের মাথায় ফনসেকাকে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মুখপাত্র বান্দা জয়াসেকেরা বলেন, কাতারের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রেসিডেন্ট শুক্রবার সন্ধ্যায় ফনসেকার মুক্তিসংক্রান্ত কাগজে সই করেন। এই কাগজ সোমবার বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে।ফনসেকার স্ত্রী আনোমা ফনসেকা তাঁর স্বামীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এই বলে, ঠিক কত দিনের জন্য তাঁর স্বামীকে মুক্তি দেওয়া হয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। কলম্বোর একটি বেসরকারি হাসপাতালের বাইরে সাংবাদিকদের আনোমা বলেন, ‘আমি এ সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। আশা করছি, ফনসেকাকে নিঃশর্ত মুক্তি দিয়ে প্রেসিডেন্ট তাঁর কথা রাখবেন।’ উল্লেখ্য, সপ্তাহ দুই আগে ফনসেকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে এই হাসপাতালেই আনা হয়। আনোমার আশা, মুক্তির পর ফনসেকার রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে আইনি কোনো বাধা থাকবে না।তবে একটি সূত্র বলেছে, ফনসেকার ক্ষমার আওতায় শুধু তাঁর সাজা প্রত্যাহার করা হয়েছে। মুক্তির পর অন্তত সাত বছরের মধ্যে তিনি রাজনীতিতে জড়াতে পারবেন না। ফনসেকার ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়ান্সের (ডিএনএ) আইনপ্রণেতা ও প্রধান আলোচক তিরান অ্যালিস বলেছেন, ‘আমি জানতে পেরেছি যে, কেবল কারাদণ্ডাদেশ তুলে নেওয়া হয়েছে। কিন্তু ফনসেকার মুক্তির পর আমরা তাঁকে পুরোপুরি ক্ষমা করে দেওয়ার জন্য প্রচারণা চালাব।’২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ফনসেকা। এ ছাড়া এই যুদ্ধে যে ৪০ হাজার বেসামরিক লোক মারা গেছে বলে খবর বেরিয়েছে তা তদন্তে শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানাতে আন্তর্জাতিক মহলকে উৎসাহিতও করেন তিনি।যুক্তরাষ্ট্র সরকার ফনসেকাকে ‘রাজনৈতিক বন্দী’ হিসেবে আখ্যায়িত করেছে। ওয়াশিংটন অব্যাহতভাবে তাঁর মুক্তির আহ্বান জানিয়ে আসছিল। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জেমিনি লক্ষ্মণ পেরিস। তাঁরা দ্বীপ রাষ্ট্রটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ বৈঠকের পরপরই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফনসেকার মুক্তিসংক্রান্ত কাগজে সই করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হিলারি আশা প্রকাশ করেন, গৃহযুদ্ধ-পরবর্তী যুগে বিরোধ অবসানে শ্রীলঙ্কা ‘একটি কার্যকর পরিকল্পনা’ গ্রহণ করবে। তিনি মানবাধিকার রক্ষায় পদক্ষেপ গ্রহণে শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানান। দুর্নীতির মামলায় ২০১০ সালের সেপ্টেম্বরে ফনসেকাকে ৩০ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন সামরিক আদালত। এরপর ২০১১ সালের নভেম্বরে তাঁর আরও তিন বছর কারাদণ্ড হয়। প্রেসিডেন্টের ভাই ও প্রতিরক্ষাসচিব গোটাভায়া রাজাপক্ষের নির্দেশে আত্মসমর্পণ করা তামিল গেরিলাদের হত্যা করা হয়েছে—এমন মন্তব্যের জন্য ফনসেকার দ্বিতীয় মেয়াদের সাজা হয়েছিল। এএফপি।