ফরাসি গোয়েন্দাকে হত্যা করল সোমালি জঙ্গিরা
সোমালিয়ার ইসলামপন্থী আল-শাবাব জঙ্গিরা তাদের হাতে আটক এক ফরাসি গোয়েন্দাকে হত্যা করেছে। রয়টার্স জানায়, গত সপ্তাহে জিম্মির মুক্তি নিয়ে ফ্রান্সের সেনাবাহিনীর সঙ্গে আল-শাবাবের আলোচনা ব্যর্থ হওয়ার পর তাঁকে হত্যা করা হলো।আল-শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সাল থেকে আটক ডেনিস অ্যালেক্সকে হত্যা করা হয়েছে। সংগঠনটি জানায়, তিন বছর ধরে ডেনিসের মুক্তির জন্য ‘সব ধরনের আলোচনার চেষ্টা ব্যর্থ’ হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে সংগঠনটির নিজস্ব পাতায় এবং এক ই-মেইল বার্তায় আল-শাবাব জানায়, ‘জিম্মি উদ্ধারের চেষ্টা করে ফ্রান্স স্বেচ্ছায় অ্যালেক্সের মৃত্যুর সনদে স্বাক্ষর করেছে।’ রয়টার্স আরও জানায়, গত শনিবার ডেনিসকে উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টারের সাহায্যে ফ্রান্সের কমান্ডোরা সোমালিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালায়। তবে এ সময় কমান্ডোরা সেখানে বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। অভিযানের পর ফ্রান্স সরকার জানিয়েছে, তারা ধারণা করছে জিম্মি ডেনিসকে মেরে ফেলা হতে পারে।আজ বুধবার ফ্রান্স সেনাবাহিনীর চিফ অব স্টাফ এদুয়ার্দ গিলার্ড ইউরোপ ওয়ান রেডিওকে বলেন, ওই অভিযানের পর এমন কোনো আলামত পাওয়া যায়নি, যাতে মনে হতে পারে অ্যালেক্স বেঁচে আছেন। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি তিনি (অ্যালেক্স) মারা গেছেন।’ রয়টার্স।