ফরাসি ডুবোজাহাজ ক্রয় চুক্তির জন্য বড় অঙ্কের ঘুষ নেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংক্রান্ত কিছু নথিপত্র প্রমাণ হিসেবে জব্দ করেছেন প্যারিসের একজন ম্যাজিস্ট্রেট। ওই নথিপত্রে ফ্রান্সের কাছ থেকে ডুবোজাহাজ (সাবমেরিন) ক্রয় চুক্তির ঘটনায় গোপনে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে জারদারি কীভাবে লাভবান হয়েছেন, তার বিস্তারিত বর্ণনা রয়েছে। চুক্তিটি ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্ত করছেন ওই ম্যাজিস্ট্রেট। নথিগুলো মিডিয়া পার্টে প্রকাশিত হয়।নথিতে দেখা যায়, নব্বইয়ের দশকে ফরাসি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিসিএন পাকিস্তানের কাছে যে তিনটি আগোস্টা-শ্রেণীর ডুবোজাহাজ বিক্রি করেছিল, তার একেবারে শেষের দিকে জারদারি ও অন্য ব্যক্তিদের অর্থ দেওয়া হয়। সুইডিশ ও জার্মান ঠিকাদারদের সঙ্গে লড়াই করে সরবরাহ-চুক্তি জিতে নিয়েছিল ওই ফরাসি কোম্পানি। ওই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ঘুষ লেনদেনের বিষয়টি বর্তমানে ফ্রান্সের দুটি বিচার বিভাগীয় তদন্তের বিষয়বস্তু।ডুবোজাহাজ ক্রয়চুক্তির ঘটনায় কমিশন প্রদান বন্ধ করার পর ২০০২ সালের ৮ মে করাচিতে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হয় ১১ জন ফরাসি প্রকৌশলী। যাঁরা একটি ডুবোজাহাজ তৈরিতে সহায়তার জন্য পাকিস্তানে অবস্থান করছিলেন। নথিপত্র থেকে ইঙ্গিত মিলছে, প্রেসিডেন্ট জ্যাক শিরাকের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এডুয়ার্ড বালাদুর রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের জন্য কমিশনের কিছু অংশ আবার ফ্রান্সে ফেরত যাচ্ছে—এই বিষয়টি বের হয়ে আসার পর কমিশন বাতিল করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক।আগোস্টা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী ও জারদারির বন্ধু আমির লোধির বাড়িতে ২০১০ সালের জুনে তল্লাশি চালিয়ে এসব নথিপত্র উদ্ধার করে ফরাসি পুলিশ। জারদারিকে কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, এ সম্পর্কে প্রথম পরিষ্কার বিস্তারিত ধারণা পাওয়া যায় ওই নথিপত্র থেকে। কাগজপত্র থেকে জানা যায়, ওই ঘটনায় তাঁকে কয়েক মিলিয়ন ইউরো দেওয়া হয়েছিল। ওই অর্থ আদান-প্রদানের জন্য যেসব মাধ্যম ব্যবহার করা হয়েছিল, সে সম্পর্কেও জানা যায় ওই নথিপত্র থেকে।ফরাসি কোম্পানি এসওএফএমএর সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেনরি গুইটেটের মতে, ঘুষ আদান-প্রদানের ঘটনায় অন্যতম প্রধান উপকারভোগী ছিলেন জারদারি। তাঁর হিসাবমতে, ওই ক্রয় চুক্তির মোট মূল্যের চার শতাংশ জারদারিকে দেওয়া হয়েছিল, যা প্রায় ৩৩ মিলিয়ন ইউরোর সমান। টাইমস অব ইন্ডিয়া।