ফরাসি সাময়িকীর বিরুদ্ধে মামলা উইলিয়াম ও কেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের অর্ধনগ্ন (টপলেস) ছবি ছাপানোয় ফরাসি সাময়িকী ক্লোজার-এর বিরুদ্ধে মামলা হয়েছে। উইলিয়াম ও কেট দুজনেই ফ্রান্সে এ মামলা করেন। ভবিষ্যতে যাতে ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ কেট ও উইলিয়ামের ওই ছবি কেউ ছাপাতে না পারে, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত শুক্রবার ক্লোজার সাময়িকী কেটের ওই অর্ধনগ্ন ছবিগুলো ছাপে। এতে কেট ও উইলিয়াম দুজনই ভীষণ ক্ষুব্ধ হন। এর কয়েক ঘণ্টা পরই ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মালিকানাধীন এ সাময়িকীর বিরুদ্ধে মামলাটি করা হয়। গত সপ্তাহে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবকাশযাপনের সময় গোপনে কেটের ওই ছবিগুলো তোলা হয়।সেন্ট জেমসেস প্যালেসও ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘উইলিয়ামের মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা জীবিত থাকার সময় পাপারাজ্জিরা তাঁর পেছনে যেভাবে ছুটত—এটা সেটারই নিকৃষ্টতম উদাহরণ।’ ফরাসি গণমাধ্যমবিষয়ক আইনজীবী জ্যঁ ফ্রেদরিখ ভলতেয়া জানান, ফ্রান্সের ফৌজদারি আইন অনুসারে অভিযোগ প্রমাণিত হলে ওই সাময়িকীকে ৩৬ হাজার পাউন্ডেরও বেশি জরিমানা করা হতে পারে। একই সঙ্গে সাময়িকীর সম্পাদকের ১২ মাসেরও বেশি জেল হতে পারে। এদিকে আইরিশ ডেইলি স্টার পত্রিকার দ্য রিপাবলিক অব আয়ারল্যান্ড সংস্করণে বিতর্কিত ওই ছবি ছাপা হয়েছে। এ ছাড়া ইতালির বিনোদনবিষয়ক সাময়িকী কি ওই ছবি ছাপানোর পরিকল্পনা নিয়েছে। এপি।