ফরাসিতে বলতে নারাজ কেরি
যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি ভাষায় কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ফরাসি ভাষায় প্রশ্নের জবাব দেওয়ার কথা বললে তিনি এই অস্বীকৃতি জানান। গতকাল শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা কেরিকে একটি প্রশ্নের জবাব ফরাসি ভাষায় দিতে অনুরোধ করেন। এ সময় কেরি বলেন, ‘না, আজ নয়। আসলে এই বিষয়ে আমি নিজেকে একটু ঝালিয়ে নিতে চাই।’জন কেরি একটি সুইস স্কুলে পড়াশোনা করেছেন এবং তিনি ফরাসি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন—এটা অনেকেরই জানা। তবে সংবাদ সম্মেলনে তিনি ফরাসি না বলায় কিছু ফরাসি ভাষাভাষী মানুষ বিস্মিত হয়েছেন। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জন কেরি তাঁর ফরাসি ভাষাজ্ঞানের জন্য গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েন। ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের টানাপোড়েনের কারণে এই সমালোচনার সৃষ্টি হয়। এর পর থেকে কেরি নিজের ফরাসি ভাষাজ্ঞানকে এড়িয়ে চলছেন। শৈশবে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে মায়ের পরিবারের সঙ্গে থাকার সময় কেরি ফরাসি রপ্ত করেন। সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে কেরি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করতে বদ্ধপরিকর। বিবিসি।চীনের অস্ত্র নিয়ন্ত্রণকারী রাডার ব্যবহারের তথ্য দেবে জাপানপূর্ব চীন সাগরের বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের অস্ত্র নিয়ন্ত্রণকারী রাডার ব্যবহারের তথ্য প্রকাশ করবে টোকিও। ওই রাডার ব্যবহার করে গত মাসে জাপানের একটি রণতরী আটকে দিয়েছিল চীন। গতকাল শনিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনদেরা এ কথা জানিয়েছেন।বেইজিং বলেছে, বিতর্কিত জলসীমায় চীনা জাহাজে শুধু সাধারণ পর্যবেক্ষণের রাডার ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বেইজিং টোকিওর অভিযোগও উড়িয়ে দিয়েছে। জাপানে বিতর্কিত দ্বীপপুঞ্জটি দিয়াওউ এবং চীনে সেনকাকু নামে পরিচিত। এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দ্বীপপুঞ্জটি জাপানের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া তাইওয়ানও দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে আসছে।জাপানের প্রতিরক্ষামন্ত্রী ওনদেরা বলেন, ‘চীনের অস্ত্র নিয়ন্ত্রণকারী রাডার ব্যবহারের বিষয়ে কতটুকু তথ্য প্রকাশ করা হবে, তা সরকার খতিয়ে দেখছে।’ গত শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বিতর্কিত জলসীমায় অস্ত্র নিয়ন্ত্রণকারী রাডার ব্যবহার করার বিষয়টি চীনের স্বীকার করে দুঃখ প্রকাশ করা উচিত। বিবিসি।