ফরিদ জাকারিয়াকে পুনর্বহাল করবে টাইম ও সিএনএন
মার্কিন সাংবাদিক ও কলাম লেখক ফরিদ জাকারিয়াকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। গত বৃহস্পতিবার টাইম সাময়িকী ও সংবাদবিষয়ক চ্যানেল সিএনএন এ তথ্য জানায়। অন্যের লেখা চুরি করার অভিযোগে গত সপ্তাহে ওই প্রতিষ্ঠান দুটি তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল।টাইম এক বিবৃতিতে বলেছে, তারা মনে করে ফরিদ জাকারিয়া ‘অনিচ্ছাকৃত ভুল’ করেছেন। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ওপর সাময়িকীতে লেখা সাম্প্রতিক এক নিবন্ধে তিনি অন্যের যে লেখা ব্যবহার করেছেন তা একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ ছিল। টাইম আরও বলেছে, ‘ওই বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী কলামে আমরা আবারও ফরিদ জাকারিয়ার সুচিন্তিত ও গুরুত্বপূর্ণ ভাবনার প্রতিফলন দেখার আশা করছি।’এদিকে সিএনএন বলেছে, সানডে টিভি প্রোগ্রামে জাকারিয়ার কাজ, ব্লগ ও প্রামাণ্যচিত্র নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর ‘তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত অব্যাহত রাখার পক্ষে আমরা কোনো কারণ খুঁজে পাইনি।’সংবাদ চ্যানেলটি আরও বলেছে, ‘জাকারিয়া তাঁর লেখাসংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর প্রোগ্রাম ও ব্লগ আরও শক্তিশালী করতে সিএনএন ও জাকারিয়া একত্রে কাজ করে যাবে।’ জাকারিয়ার জনসংশ্লিষ্ট প্রোগ্রাম ‘জিপিএস’ ২৬ আগস্ট থেকে আবারও শুরু হবে বলেও জানিয়েছে সিএনএন। রয়টার্স।