ফসল বাঁচাতে বন্যার গতিপথ ঘুরিয়ে দিয়েছেন ভূস্বামীরা!
পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, পাকিস্তানে ধনী শ্রেণীর জমির মালিকেরা নিজেদের ফসল রক্ষা করার জন্য বন্যার পানির গতিপথ অরক্ষিত গ্রামগুলোর দিকে ঘুরিয়ে দিয়েছেন বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। তাঁর দাবি, সরকারকে এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে হবে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল্লাহ হুসাইন হারুন গতকাল বৃহস্পতিবার বিবিসির হার্ডটক অনুষ্ঠানে এ দাবি তোলেন। হুসাইন হারুন বলেন, এমন কিছু তথ্যপ্রমাণ পাওয়া গেছে, যাতে দেখা গেছে, ভূস্বামীরা নিজেদের জমির ফসল যাতে ডুবে না যায়, সে জন্য বানের পানির গতিপথ পরিবর্তন করেছেন। পানি যাতে অন্য দিকে প্রবাহিত হয়ে চলে যায়, সে জন্য তাঁরা অনেক স্থানে বাঁধ কেটে দিয়েছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তা তদন্ত করে দেখা দরকার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত এক মাসে পাকিস্তানে বন্যায় এক হাজার ৭৬০ জন লোক নিহত হয়েছে। এক কোটি ৮০ লাখ লোক দুর্গত হয়েছে, যাদের মধ্যে ৮০ লাখ লোকই ত্রাণসহায়তার ওপর নির্ভর করে বেঁচে আছে। জাতিসংঘের সমন্বয় সংস্থা ওসিএইচএর প্রধান ম্যানুয়েল বেসলার বলেছেন, আন্তর্জাতিক ত্রাণসামগ্রী আসা প্রায় বন্ধ হয়ে পড়ায় পাকিস্তানে বন্যা দুর্গতদের ত্রাণ পুনর্বাসন কাজ প্রলম্বিত হচ্ছে। ম্যানুয়েল বেসলার আরও বলেন, এ পর্যন্ত ত্রাণসহায়তা হিসেবে ২৯১ কোটি ডলার পাওয়া গেছে। সেখানে যে পরিমাণ ত্রাণ দরকার, তার তুলনায় এ অঙ্ক দুই-তৃতীয়াংশ। এএফপি ও বিবিসি অনলাইন।