ফাঁদ চেনে যে শিম্পাঞ্জি!
আফ্রিকার বিভিন্ন দেশে মাংসের জন্য ফাঁদ পেতে বিভিন্ন প্রাণী ধরা হয়। শিকারির এই ফাঁদে অনেক সময় শিম্পাঞ্জিও আটকা পড়ে যায়। তবে গিনির বৃষ্টি-বনে বাস করা শিম্পাঞ্জিদের কথা আলাদা। পর্যবেক্ষণ করে গবেষকেরা দেখেছেন, অন্যান্য শিম্পাঞ্জির চেয়ে এই শিম্পাঞ্জি অন্য রকম। জাপানের কিয়োটো ইউনিভার্সিটির প্রাইমেট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক গাকু ওহাশি ও তেৎসুরো মাৎসুজাওয়া অপ্রত্যাশিতভাবে গিনির অরণ্যের কয়েকটি শিম্পাঞ্জির এই চতুর আচরণ দেখে ফেলেন। তাঁরা ওই শিম্পাঞ্জিদের পর্যবেক্ষণ করে দেখতে পান, এরা সেখানকার স্থানীয় ব্যক্তিদের পেতে রাখা ফাঁদ চিনতে পারে। আরও মজার ঘটনা হলো, প্রাণীগুলো ফাঁদ নিষ্ক্রিয় করতে পারে।ওহাশি ও মাৎসুজাওয়া পাঁচটি প্রাপ্তবয়স্ক শিম্পাঞ্জিকে পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখতে পান, শিম্পাঞ্জিগুলো মানুষের পেতে রাখা ফাঁদ খুঁজে বের করে সেগুলো নিষ্ক্রিয় করে ফেলেছে। ওহাশি বলেন, ‘শিম্পাঞ্জিগুলো সম্ভবত শনাক্ত করতে পারে, ফাঁদের কোন অংশটি বিপজ্জনক আর কোনটি নয়। তাদের এ আচরণ দেখে আমরা অবাক হয়ে গেছি। কোনোভাবে আক্রান্ত হওয়া ছাড়াই শিম্পাঞ্জিদের ফাঁদ নষ্ট করে ফেলার ঘটনা এটাই প্রথম।’ তিনি বলেন, ‘সম্ভবত এই ঘটনা পর্যবেক্ষণ করে আমরা জানতে পারব, শিম্পাঞ্জিরা কীভাবে শেখে।’ বিবিসি।