ফাঁসি দিলে দেন কিন্তু ক্ষমা চাইব না: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের গুজরাট দাঙ্গার ব্যাপারে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ বিন্দুমাত্র সত্য প্রমাণিত হলে তাঁকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হোক। কিন্তু তিনি ক্ষমা চাইবেন না।
মোদি গতকাল বুধবার আহমেদাবাদে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, ‘অভিযোগগুলো বিন্দুমাত্রও সত্য প্রমাণিত হলে আমি মনে করি, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে মোদিকে রাস্তার মাঝে ফাঁসিতে ঝোলানো উচিত। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে কেউ ১০০ বছরে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।...যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে মোদির কোনো ক্ষমা নেই।’
মোদি আরও বলেন, ২০০২ ও ২০০৭ সালের নির্বাচনে তিনি হেরে গেলে তাঁর ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠত না।
গুজরাট দাঙ্গায় নিহত মুসলমানদের ব্যাপারে মোদি যে দুঃখ প্রকাশ করেছেন, তাকে বিরোধীরা ‘সাজানো’ বলেছে। তবে এ ব্যাপারে মোদি বলেন, ‘একটি পিঁপড়া মারা গেলেও খারাপ লাগে—এ কথার মানে এই নয় যে আমি (মুসলমানদের) পিঁপড়ার সঙ্গে তুলনা করছি। ভারতে ভাষা ও অভিব্যক্তির মধ্যে পার্থক্য আছে।’
টিভি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক: এদিকে নরেন্দ্র মোদির টিভি সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর ওই কথিত ‘পাতানো’ সাক্ষাৎকারের জেরে পদত্যাগ করেছেন ইন্ডিয়া টিভির সম্পাদকীয় বোর্ডের পরিচালক কামার ওয়াহিদ নাকভি। ক্ষমতাসীন কংগ্রেস বলেছে, বিজেপি সাংবাদিকদের কীভাবে চাপে রাখছে, এ ঘটনা তার একটি প্রমাণ। ১২ এপ্রিল সন্ধ্যায় ‘আপ কি আদালত’ নামের অনুষ্ঠানে মোদির সাক্ষাৎকার প্রচার করে ইন্ডিয়া টিভি। চ্যানেলটিরই একটি সূত্র জানায়, মোদির প্রতি তাদের পক্ষপাতের বিষয়টি এর সংবাদেই স্পষ্ট। রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে ১০টা নেতিবাচক প্রতিবেদন সম্প্রচার করা হলে, মোদির বিরুদ্ধে করা হয় একটি। কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে বলেছে, অর্থের বিনিময়ে এই সংবাদ প্রচার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।