ফাঁসি হতে পারে মোবারকের
বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ফাঁসি হতে পারে। অথবা তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। গতকাল শুক্রবার সে দেশের সরকারি পত্রিকা আল-আহরাম-এ প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।রাজধানী কায়রোর আপিল আদালতের প্রধান জাকারিয়া শালাশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মোবারকের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলার শুনানি অন্তত এক বছর ধরে চলতে পারে।আপিল আদালতের প্রধান শালাশ আরও বলেন, মিসরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-অ্যাদলির সাক্ষ্য আদালত আমলে নিতে পারেন। বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে হাবিবকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব দাবি করেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলির ওই নির্দেশ মোবারকই দেন।আপিল আদালতের প্রধান বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়ে থাকলে তাঁর (মোবারক) মৃত্যুদণ্ড হতে পারে। এই নির্দেশ বাস্তবায়নকারীদেরও একই ধরনের সাজা পেতে হতে পারে। তবে এটা যে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা প্রমাণিত না হলে মোবারককে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন আদালত।ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোবারকের পদত্যাগের দাবিতে গত ১১ ফেব্রুয়ারি গণ-অভুত্থান শুরু হয়। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু বিক্ষোভ চলাকালে অন্তত ৮০০ বিক্ষোভকারীকে হত্যা করা হয়।দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগে মোবারকের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত করা হচ্ছে বিক্ষোভের সময় জনতার বিরুদ্ধে দমন-পীড়ন, নির্যাতন ও বিক্ষোভকারীদের হত্যার ঘটনারও।তদন্তের স্বার্থে মোবারক ও তাঁর দুই ছেলে জামাল ও আলাকে গত বুধবার আটক করা হয়েছে। এএফপি।