ফাঁসির ৫১ ঘণ্টা পর আফজাল গুরুর চিঠি পেলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড ভোগ করার মাত্র কয়েক ঘণ্টা আগে স্ত্রীকে উদ্দেশ করে নিজের শেষ চিঠিটি লিখে যান কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা জঙ্গি আফজাল গুরু। ভারতের নয়াদিল্লির তিহার কারাগারের কর্মকর্তারা সোমবার এ কথা জানান।গত শনিবার উর্দুতে লেখা ওই চিঠি কর্তৃপক্ষ সেই দিনই পোস্ট করে দেয়। তবে সেটি কাশ্মীরে অবস্থানরত আফজাল গুরুর স্ত্রীর কাছে পৌঁছে ৫১ ঘণ্টা পর গত সোমবার।কর্মকর্তারা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, আফজাল গুরুকে শুক্রবার রাতে জানানো হয়, পরবর্তী সকালে তাঁর ফাঁসি কার্যকর করা হবে। একজন কর্মকর্তা বলেন, ‘ওই কথা জানানোর পর তিনি নীরব ও শান্ত ছিলেন। তবে তিনি তাঁর স্ত্রীর কাছে একটি চিঠি লেখার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা তত্ত্বাবধায়ক তাঁকে কাগজ-কলম দেন।’কারাগারে থাকাকালে আফজাল বই পড়ে ও লেখালেখি করে সময় কাটান। এ সময় তিনি বেশ কিছু বই ও কলাম লেখেন। আফজালের পরিবার কারা কর্তৃপক্ষের কাছে তাঁর রেখে যাওয়া সব স্মৃতি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনের এই নেতা ২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় এর পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হন। পরে তাঁর বিরুদ্ধে আদালত ফাঁসির রায় ঘোষণা করেন। গালফ নিউজ, পিটিআই।