ফাতাহ-হামাসের ঐকমত্যের সরকার হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনে জাতীয় ঐকমত্যের সরকার হচ্ছে। আজ বুধবার ভূখণ্ডের গাজা উপত্যকায় বিরোধী কয়েকটি পক্ষের এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, পাঁচ সপ্তাহের মধ্যে ঐকমত্যের সরকার গঠন করা হবে। ঘোষণা অনুযায়ী, প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) তত্ত্বাবধানে বিরোধী দুই পক্ষ ফাতাহ ও হামাস সরকার গঠন করবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ সপ্তাহের মধ্যে জাতীয় সরকার গঠনের পাশাপাশি ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া সংগঠনগুলো বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছে, অতীতে বিভাজনের কারণেই জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্য বাধাগ্রস্ত হয়েছে।
ঐকমত্যের সরকার গঠনে বহুপক্ষীয় চুক্তির ঘোষক হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেন, পুরো জেরুজালেম শহরের আরব পরিচয় মুছে ফেলা এবং মুসলমান ও খ্রিষ্টানদের অপবিত্র করার ইহুদি প্রচেষ্টা রুখতে চুক্তিটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফাতাহর দূত আজ্জাম আল-আহমেদ বলেন, এ চুক্তির মধ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক বন্ধন দৃঢ়করণে প্রকৃত মিত্রতা শুরু হবে।