ফাতিমা ভুট্টোর বই নিয়ে আত্মীয়দের ক্ষোভ
ভুট্টো পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পাকিস্তানের রাজনীতির উত্থান-পতনকে বিষয় করে লেখা ফাতিমা ভুট্টোর বই সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পাকিস্তানে আত্মীয়স্বজনসহ অনেকের মনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে তাঁর এই বই। বইতে ফাতিমা তাঁর বাবা মুর্তজা ভুট্টো এবং চাচা শাহনওয়াজের মৃত্যুর জন্য ফুফু বেনজির ভুট্টোকে দায়ী করেছেন।২৭ বছর বয়সী ফাতিমা তাঁর বইয়ের প্রচারে এখন লন্ডনে। সেখানে তিনি বড় বড় অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, যাতে যোগ দিচ্ছেন অনেক বিখ্যাত মানুষ। দক্ষিণ এশিয়ার অন্যতম বিখ্যাত এবং ‘অভিশপ্ত’ রাজনৈতিক পরিবারের কাহিনি নিয়ে লেখা সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড ভারতের বইয়ের বাজারে নন-ফিকশন ক্যাটাগরির সবচেয়ে বেশি বিক্রির তালিকায় জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে দারুণ সাড়া ফেলেছে ফাতিমার এ বই।কিন্তু পাকিস্তানে সমালোচক এবং ফাতিমার অনেক আত্মীয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে বইটি। তাঁদের অভিযোগ, বেনজিরের কাহিনি লিখতে গিয়ে ইতিহাস বিকৃত করছেন ফাতিমা। তাঁরা সতর্ক করে দিয়েছেন, এর মাধ্যমে ভুট্টো পরিবারের দীর্ঘদিনের বিবাদ পরের প্রজন্মেও ছড়িয়ে পড়বে। তাঁরা বলতে চেয়েছেন, ফাতিমা তাঁর ফুফাতো ভাই বিলওয়ালের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন। অক্সফোর্ডে পাঠরত তরণ বিলওয়ালকে ভুট্টো পরিবারের রাজনৈতিক ধারার সম্ভাব্য উত্তরাধিকার হিসেবে দেখা হচ্ছে।ফাতিমার ঘনিষ্ঠ আত্মীয় তারিক ইসলাম বলেন, ‘এসব কল্পিত কাহিনি ছাড়া আর কিছুই না। তবে আমি পারিবারিক বিবাদে জড়াতে চাই না। ফাতিমা আমার ভাতিজি। কাজেই আমি তাকে ভালোবাসি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, তার বইটি অসংগতিতে ভরা। ঘটনার সঙ্গে জড়িত নয়, এমন দ্বিতীয় বা তৃতীয় পক্ষের বক্তব্য সে আমলে নিয়ে নিজের মতো করে লিখেছে।’ফাতিমার বাবা মুর্তজা ভুট্টো ১৯৯৬ সালে করাচিতে পুলিশের গুলিতে নিহত হন। বেনজির তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মুর্তজার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। বাবার হত্যাকাণ্ডের জন্য ফুফু বেনজিরকেই দায়ী করেছেন ফাতিমা।তবে মুর্তজার পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রকৃত প্রেক্ষাপট এখনো উদঘাটিত হয়নি। আর সমালোচকেরা অভিযোগ করেছেন, নিজের বক্তব্যকে গ্রহণযোগ্য করতে পরস্পরবিরোধী তথ্যপ্রমাণের বিষয়টি আমলে নেননি ফাতিমা।পাকিস্তানের সবচেয়ে বেশি প্রচারিত ইংরেজি দৈনিক ডন-এর কলামিস্ট মাহির আলী বলেন, এটা অবশ্যই ঘটনার একপেশে বর্ণনা। বাবাকে নিয়ে ফাতিমা যা লিখেছেন তা খুবই মর্মস্পর্শী। তবে এটাকে ইতিহাস এমনকি সাম্প্রতিক ঘটনার গভীর রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে নেওয়া ঠিক হবে না।বিষ প্রয়োগে চাচা শাহনওয়াজের হত্যাকাণ্ডের জন্যও ফাতিমার ফুফুকে দায়ী করার ঘটনাই সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে। ১৯৮৫ সালে ফ্রান্সে বিষক্রিয়ায় মৃত্যু হয় শাহনওয়াজের। ফরাসি আইনজীবী জ্যাক ভার্জেসের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে ওই হত্যাকাণ্ডের জন্য বেনজিরকে দায়ী করেছেন ফাতিমা। ফাতিমার আত্মীয় তারিক ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পরিবারের জন্য খুবই দুঃখজনক। আর বিশ্লেষকেরা বলছেন, ফাতিমার ওই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ নেই। প্রাবন্ধিক মাহির আলী বলেন, সতিই এর কোনো অর্থ হয় না। গার্ডিয়ান অনলাইন।