ফারাও সম্রাটের ছুরিটি উল্কার লোহায় তৈরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন মিসরের সম্রাট ফারাও তুতানখামেনের সমাধিতে পাওয়া একটি ছুরি উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি বলে দাবি করেছেন ইতালি ও মিসরের একদল গবেষক। 

অকালপ্রয়াত সম্রাট তুতানখামেনের মরদেহ সংরক্ষণের জন্য মমি করা হয়েছিল অন্তত ৩ হাজার ৩০০ বছর আগে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার তাঁর সমাধিতে ১৯২৫ সালে এক জোড়া ছুরি খুঁজে পান। সেগুলোর মধ্যে একটির গঠন-বৈশিষ্ট্য দেখে বিজ্ঞানীরা ধাঁধায় পড়ে যান। কারণ, এটি যে ধাতব উপাদানে তৈরি, তা ওই সময়ে মিসরে সহজলভ্য ছিল না।
ইতালি ও মিসরের গবেষকেরা বিশেষ এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হন, ছুরিটি লোহার তৈরি।
গবেষক দলটির প্রধান দানিয়েলা কমেলি বলেন, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডে যে লোহা থাকে তাতে নিকেলের পরিমাণ বেশি থাকে। লোহার উপস্থিতি ছাড়াও নিকেল ও কোবাল্টের মাত্রা মহাকাশের যোগসূত্রকেই তুলে ধরে। তুতানখামেনের ছুরিটির বৈশিষ্ট্যও এ রকমই। তাই এটি পৃথিবীর বাইরে থেকে আসা ধাতব উপাদানে তৈরি বলেই জোরালো ইঙ্গিত মেলে।
এ গবেষণার বিষয়ে একটি প্রতিবেদন মেটেওরাইটস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সোনার হাতল ও খাপওয়ালা ছুরিটির এক পাশে আছে ফুলের ছাপ, আরেক পাশে পালকের নকশা। বর্তমানে এটি কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।