ফার্ক বিদ্রোহের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কট্টর বামপন্থী ‘রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ গত মঙ্গলবার শেষ হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।

অস্ত্র সমর্পণ অনুষ্ঠান সম্পন্ন করার দায়িত্বে থাকা জাতিসংঘ দল জানায়, অনুষ্ঠানে ৭ হাজার ১৩২টি অস্ত্র জমা দিয়েছে বিদ্রোহীরা। এই অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের সমাপ্তি ঘটাল ফার্ক।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্কের কমান্ডার রদ্রিগো লনডোনো ও কলম্বিয়ায় জাতিসংঘ মিশনের প্রধান জিন আর্নল্ট। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কয়েকজন মন্ত্রী, জামিনদার দেশগুলোর প্রতিনিধি, কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

অস্ত্র বুঝে নেওয়ার দায়িত্বে থাকা জাতিসংঘের কর্মকর্তারা অস্ত্র সমর্পণ প্রশ্নে দুই পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির নানা দিক তুলে ধরেন। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস লিখেছেন, কলম্বিয়ায় গত ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভালো খবর। ফার্ক বিদ্রোহীরা তাদের অস্ত্রগুলো জমা দিয়েছে।