ফার্স্ট লেডি নয়, ‘আহমেদের মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা কায়দায় ফার্স্ট লেডি হতে চান না মিসরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী নাগলা আলী মাহমুদ। মিসরীয় নারীর চিরচেনা ভাবমূর্তিই তাঁর পছন্দ। গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, নাগলা বোরকা পরেন। পড়াশোনা তেমন হয়নি তাঁর। কলেজের গণ্ডিও পার হননি। পশ্চিমা কায়দায় মিসরের অনেক নারী নিজের নামের শেষে স্বামীর পদবি ধারণ করলেও তিনি তা করেননি। বরং ‘উম আহমেদ’ নামে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এর অর্থ ‘আহমেদের মা’। আহমেদ তাঁর বড় ছেলে।৬০ বছর বয়সী মুরসি পেশাগত জীবনে একজন প্রকৌশলী। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি মিসরের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সে তুলনায় তাঁর স্ত্রী ৫০ বছর বয়সী নাগলা ঘরসংসার সামলানো একজন সাধারণ নারী।হবু ফার্স্ট লেডির ভাবমূর্তি নিয়ে খোদ মিসরেই বিতর্ক শুরু হয়েছে। অনেকের কাছে, নাগলার এই সাধারণ ভাবমূর্তি বিপ্লবের সময় প্রতিশ্রুত গণতান্ত্রিক পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছে। তবে পশ্চিমা ঘরানার অভিজাত শ্রেণীর কিছু মানুষ বলছে, নাগলা আসলে নারীর অনগ্রসরতা ও আঞ্চলিকতাকেই তুলে ধরছেন। তাঁদের আশঙ্কা, ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড নারীকে এমন একটি অবস্থানেই রাখতে চায়।