ফালুজা ও রামাদি শহরে তুমুল লড়াই, নিহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের আনবার প্রদেশের দুটি বড় শহর ফালুজা ও রামাদির দখল নিয়ে গত শুক্রবার নিরাপত্তা বাহিনী ও আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিদের ব্যাপক লড়াই হয়েছে। জঙ্গিবিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় উপজাতীয়রাও যোগ দিয়েছে।
সুন্নি-অধ্যুষিত এই প্রদেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় ইরাকের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ফালুজা ও রামাদি শহরে শুক্রবারের ওই লড়াইয়ে অন্তত ৮০ জন নিহত এবং ৬০ জন আহত হয়। এদিন সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে ফালুজায়। সেখানে মার্কিন সেনাদের সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াই হয়। শহরের বেশ কিছু ভবনে আল-কায়েদার পতাকা ওড়ায় জঙ্গিরা।
শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার সুন্নির এক সমাবেশে মঞ্চ দখল করে বন্দুকধারীরা ঘোষণা দেয়, ‘আমরা নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী সিএনএনের একজন সাংবাদিক জানান, মঞ্চে জঙ্গিরা বক্তব্য দেওয়া শুরু করার পর উপস্থিত জনতার দুই-তৃতীয়াংশ সমাবেশস্থল ত্যাগ করে।
অস্ত্রধারী জঙ্গিরা তাদের বক্তব্য প্রচার না করতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানায়।
পুলিশের কর্মকর্তারা জানান, রামাদি শহরেও ব্যাপক সংঘর্ষ হয়। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য তাঁরা জানাতে পারেননি। ওই শহরে উপজাতীয়দের মুখ ঢেকে চলতে নিষেধ করা হয়েছে, যাতে নিজেরা নিজেদের চিনতে পারে।
ইরাকের চলমান পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হারফ বলেন, এই সহিংসতার জন্য সন্ত্রাসীরাই দায়ী। সিএনএন।