ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। এরপর তিনি দেশে ফিরবেন। কিউবায় চিকিৎসাধীন চাভেজের সঙ্গে টেলিফোনে কথা বলে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত মঙ্গলবার এ কথা জানান।এদিকে ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস জানান, চাভেজের শারীরিক উন্নতির গতি আশাব্যঞ্জক। তবে তাঁর দেশে ফেরার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। প্রেসিডেন্ট মোরালেস নিজ দেশের পার্লামেন্টে বক্তৃতায় জানান, তিনি চাভেজের সঙ্গে টেলিফোনে কথা বলে জেনেছেন, তাঁকে (চাভেজ) দেশে ফেরার জন্য ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। মোরালেস বলেন, ‘আমাদের ভাই, কমান্ডার চাভেজ দেশে ফেরার জন্য ইতিমধ্যে ফিজিওথেরাপি নেওয়া শুরু করেছেন। আশা করছি, শিগগিরই লাতিন আমেরিকান প্রেসিডেন্সিয়াল সম্মেলনে তাঁর সঙ্গে বৈঠক করতে পারব।’ মোরালেস আরও বলেন, লাতিন আমেরিকার নেতা ফিদেল কাস্ত্রো ও হুগো চাভেজের মতো নেতাকে আন্তর্জাতিকভাবে খুবই প্রয়োজন।চাভেজের জামাতা ও ভেনেজুয়েলার প্রযুক্তিমন্ত্রী জর্জ আরেয়াজার বরাত দিয়ে যোগাযোগমন্ত্রী আর্নেস্তো জানান, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতির গতি বেশ আশাব্যঞ্জক। তবে তাঁর দেশে ফেরার সময় নিয়ে কোনো কথা হয়নি। সম্ভাব্য কোনো তারিখও ঠিক হয়নি।ক্যানসার-আক্রান্ত চাভেজ কিউবায় চিকিৎসা নিচ্ছেন। গত ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় ছয় সপ্তাহ ধরে জনসমক্ষে আসছেন না চাভেজ। বিবিসি, রয়টার্স, এএফপি।