ফিজিতে অমিক্রন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজির দুই বাসিন্দার শরীরে করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়েছে
ফাইল ছবি: এএফপি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজির দুই বাসিন্দার শরীরে করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে প্রবেশের সময় সীমান্তেই তাঁদের করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। দুজনকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর এএফপির

স্থানীয় সময় গতকাল সোমবার ফিজির স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত দুজন নাইজেরিয়ায় অবস্থান করছিলেন। গত ২৫ নভেম্বর তাঁরা হংকং হয়ে ফিজিতে আসেন। দুজনই আগে করোনার টিকা নিয়েছিলেন।

গত মাসে আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত ৪০টি দেশে ছড়িয়েছে ধরনটি। আফ্রিকা অঞ্চলের দেশ হওয়ায় নাইজেরিয়াকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর জের ধরেই আক্রান্ত দুজনকে ফিজি সীমান্তে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে ফিজির স্বাস্থ্যসচিব জেমস ফং এক বিবৃতিতে বলেন, অমিক্রনে আক্রান্ত দুজনকে সীমান্তে আটকে দেওয়া এটাই ইঙ্গিত দিচ্ছে, এবারের মতো ফিজির অভ্যন্তরে সংক্রমণ এড়ানো গেছে।

ফিজিতে ১০ লাখের মতো মানুষের বসবাস রয়েছে। গত বছর করোনা শনাক্তের পর পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছিল দেশটি। তবে এ বছর শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সে সময় থেকে ফিজিতে প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ফিজিতে ৯০ শতাংশ বাসিন্দা করোনার টিকা নিয়েছেন।

টিকাদানের হার বৃদ্ধির সঙ্গে কমেছে করোনার সংক্রমণ। গতকাল সবশেষ দেশটিতে নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে কারও মৃত্যু হয়নি।