ফিজির জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির বর্তমান জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। দেশটির পরাক্রমশালী সামরিক শাসক ভরেক বাইনিমারামা নববর্ষের ভাষণে গতকাল সোমবার এ ঘোষণা দেন।বাইনিমারামা বলেন, দেশে নতুন একটি সংবিধান প্রণয়নের লক্ষ্যে আলোচনার পথ সুগম করতেই আগামী ৭ জানুয়ারি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। নতুন সংবিধান অনুসারে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। বাইনিমারামার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিজির সামরিক সরকারের কঠোর সমালোচক নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারে ম্যাককালি বলেন, ফিজিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জরুরি আইন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে ওয়েলিংটন। এদিকে বাইনিমারামা বলেন, জরুরি আইন তুলে নেওয়া হলেও জনগণের নিরাপত্তা, শৃঙ্খলা ও অর্থনৈতিক সুরক্ষার বিষয়গুলো সর্বোচ্চ প্রাধান্য পাবে।২০০৯ সালের রাজনৈতিক সংকটের পর থেকে ফিজিতে জরুরি অবস্থা বহাল রয়েছে। এএফপি।