ফিতাযুক্ত জুতা পায়ে দেবেন না ভারতের সেই মন্ত্রী!
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সমবায়মন্ত্রী গৌরী শংকর আর ফিতাযুক্ত জুতা ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার জনসমাবেশে এক শিশুকে দিয়ে নিজের জুতার ফিতা বাঁধানোর পর সমালোচনার মুখে তিনি এ ঘোষণা দিলেন। ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী গৌরী শংকর সাংবাদিকদের বলেন, ‘আমি স্বীকার করছি এটা ভুল ছিল, আমি এর জন্য দুঃখিত। এখন থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর ফিতাযুক্ত জুতা পরব না। আমি পুনে থেকে ছয় জোড়া ফিতাহীন জুতা বিশেষভাবে আনিয়েছি।’ গৌরী শংকর দাবি করেন, সম্প্রতি তাঁর শরীরে একটি অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাঁকে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে নিষেধ করেছেন। গত শুক্রবার মধ্যপ্রদেশের ছিন্ডওয়ারায় একটি সরকারি সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় ওই ঘটনা ঘটে। প্রতিবেদনের তথ্য অনুসারে, অনুষ্ঠান চলাকালে গৌরী শংকর ওই শিশুকে দিয়ে দুবার তাঁর জুতার ফিতা বাঁধান। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতির কথা ভেবে ভারতীয় জনতা পার্টির ওই মন্ত্রীর সমর্থকেরা শিশুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।ওই ঘটনার ভিডিও বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হওয়ার পর মন্ত্রী বলেন, ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে তাঁরই বন্ধুর দুই ছেলে ছিল। তিনি মঞ্চে বসা অবস্থায় জুতার ফিতা ঢিলা হয়ে গেলে সেটি দেখতে পেয়ে তাদেরই একজন তাঁর জুতার ফিতা বেঁধে দেয়। তিনি অভিযোগ করেন, জুতার ফিতা বেঁধে দেওয়া ওই বালক একটি আদিবাসী গোষ্ঠীর বলে মিথ্যাচার করে রাজ্যের বিরোধী দল কংগ্রেস পার্টি বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানাচ্ছে। বিবিসি ও এএফপি।