ফিদা হুসেন বললেন ভারতকে ত্যাগ করিনি
কলকাতা প্রতিনিধিস্বেচ্ছায় নির্বাসিত উপমহাদেশের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেন কাতারের নাগরিকত্ব গ্রহণ করার পরও বলেছেন, তিনি ভারতকে ত্যাগ করেননি। তিনি আজ বিশ্ব নাগরিক। তিনি চান না রাজনীতির সঙ্গে সংস্কৃতিকে জড়াতে। তিনি বলেছেন, শিল্প-সংস্কৃতিই সভ্যতাকে বাঁচিয়ে রাখে, রাজনীতি নয়।ভারতের প্রথিতযশা চিত্রকর মকবুল ফিদা হুসেনের বয়স এখন ৯৫ বছর। হিন্দু দেব-দেবীর নগ্ন ছবি এঁকে তিনি মৌলবাদী হিন্দুদের রোষানলে পড়েন। অবশেষে তিনি দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসনে যান। দীর্ঘ পাঁচ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর কদিন আগে তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন। এর পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ ঘটনার পর মকবুল বলেছেন, তিনি ভারতকে ত্যাগ করেননি। তিনি নিজেকে মনে করেন বিশ্বনাগরিক। বাকি জীবনটাও তিনি কাটাতে চান কাজ করে।বৃহস্পতিবার ভারতের সংসদের উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভায় মকবুল ফিদা হুসেনকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন সিপিআইএমের সাংসদেরা।