ফিদেল কাস্ত্রো জনসমক্ষে অসুস্থতার খবর নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো (৮৬) তাঁর অসুস্থতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। গত শনিবার তিনি জনসমক্ষে হাজির হন। তিনি মৃত্যুশয্যায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ছাড়া তিনি মারা গেছেন বলেও গুঞ্জন ওঠে।রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে কাস্ত্রোর ছবি প্রকাশিত হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে পোপ ষোড়শ বেনেডিক্টের কিউবা সফরের সময় কাস্ত্রোর সর্বশেষ ছবি জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। কাস্ত্রো বলেন, তিনি সুস্থ আছেন। শেষ কবে তাঁর মাথাব্যথা হয়েছিল, সেটিও তিনি স্মরণ করতে পারছেন না।ভেনেজুয়েলার রাজনীতিক এলিয়াস জাওয়া গত রোববার জানান, তিনি আগের দিন কাস্ত্রোর সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠকের একটি ছবি দেখিয়ে ওই রাজনীতিক বলেন, ‘আমরা কৃষি, ইতিহাস ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পাঁচ ঘণ্টা কথা বলেছি। ফিদেল বেশ ভালো আছেন, সুস্থ আছেন।’ ২০০৬ সালে ফিদেল কাস্ত্রোর ভাই রাহুল কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এর পর থেকে কাস্ত্রোর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছে।কাস্ত্রোর ছেলে অ্যালেক্স সর্বশেষ তাঁর এই ছবিগুলো নেন। এগুলোয় কাস্ত্রোকে কাউবয় হ্যাট এবং চেক শার্ট পরা অবস্থায় দেখা যায়। কিছু ছবিতে দেখা যায়, তিনি কমিউনিস্ট পার্টির শুক্রবার প্রকাশিত পত্রিকা গ্রানা পড়ছেন।এক বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় আসেন কাস্ত্রো। তখন থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাম্রাজ্যবাদবিরোধী এই বিপ্লবী। কাস্ত্রোর স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৬ সালে তাঁর ভাই রাহুল কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ভাই রাহুলের কাছে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। বিবিসি।