ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করলেন মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত শনিবার কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। কিউবার সঙ্গে ‘কৌশলগত মৈত্রী’ জোরদারের লক্ষ্যে মাদুরো দেশটি সফর করছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই মাদুরোর প্রথম বিদেশ সফর।মাদুরো দীর্ঘ সময় কাস্ত্রোর সঙ্গে কাটান। বেশির ভাগ সময় তাঁরা ভেনেজুয়েলার প্রয়াত নেতা হুগো চাভেজের স্মৃতিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।চাভেজ ছিলেন মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে গত মাসে মারা যান।মাদুরো সাংবাদিকদের বলেন, ‘আমি প্রায় পাঁচ ঘণ্টা কাস্ত্রোর সান্নিধ্যে ছিলাম। এ সময় আমরা চাভেজের কথা এবং তাঁরা দুজন (কাস্ত্রো ও চাভেজ) কীভাবে আমাদের দুদেশের সম্পর্ককে ধীরে ধীরে কৌশলগত মৈত্রীর ঊর্ধ্বে নিয়ে গেছেন, তা নিয়ে আলোচনা করি।’ শুক্রবার রাতে মাদুরো কিউবা পৌঁছান।মাদুরো আরও বলেন, এটা লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান পরিবারের ভাইদের মধ্যকার সম্পর্ক।পরে ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গেও সাক্ষাৎ করেন মাদুরো। মাদুরো বলেন, তাঁর এই সফরের মধ্যে দিয়ে দেশ দুটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এ সফরকালে মাদুরো কমিউনিস্ট দেশটির সঙ্গে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতের ৫১টি প্রকল্পের জন্য চুক্তি সই করেন। এএফপি।