ফিদেল কাস্ত্রোর সঙ্গে মধ্যাহ্নভোজে ক্রিস্টিনা কির্চনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার হাভানায় গত রোববার একসঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন দেশটির সাবেক নেতা ফিদেল কাস্ত্রো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। হাভানায় আঞ্চলিক নেতাদের একটি সম্মেলনের ফাঁকে তাঁরা মধ্যাহ্নভোজে মিলিত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কির্চনার লাতিন আমেরিকার এবং ক্যারিবীয় রাষ্ট্রগুলোর কমিউনিটির (সিইএলএসি) সম্মেলনে অংশ নিতে হাভানায় যান।
কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায়, আবেগঘন শুভেচ্ছা জানানোর পর ওই দুই নেতা বিভিন্ন আঞ্চলিক বিষয় ও বিশ্বব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে খাদ্যনিরাপত্তা এবং সশস্ত্র সংঘাত।
কিউবার সরকারের ঘনিষ্ঠ মিত্র হচ্ছেন কির্চনার। ফিদেল কাস্ত্রোর ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর (৮২) আমন্ত্রণে অনুষ্ঠিত সিইএলএসির এবারের সম্মেলনে অংশ নেওয়া সরকারপ্রধানদের মধ্যে সবার আগে হাভানায় পৌঁছান কির্চনারই। প্রায় পাঁচ দশক কিউবাকে নেতৃত্ব দেওয়া ফিদেল কাস্ত্রো ২০০৬ সালে ছোট ভাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ফিদেল খুব কমই জনসমক্ষে আসেন। এএফপি।