ফিরে আসছে ম্যামথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ হাজার বছর আগে বিলুপ্ত ম্যামথ বলে পরিচিত সেই অতিকায় রোমশ হাতি যদি আবার ফিরে আসে, তাহলে কেমন হবে? এমন প্রশ্নে অনেকের ঠোঁটে বাঁকা হাসি ফুটবে। অনেকে পাল্টা প্রশ্ন করবে, তা কি সম্ভব? কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে নতুন এক প্রকল্প শুরু করেছেন জাপানি গবেষকেরা। তাঁদের ভাষ্য, ক্লোন প্রযুক্তি কাজে লাগিয়ে পাঁচ বছরের মধ্যে তাঁরা হারানো ম্যামথের পুনর্জন্ম দিতে সক্ষম হবেন।সম্প্রতি জাপানের ইয়োমিউরি শিম্বুন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়। রাশিয়ার গবেষণা পরীক্ষাগারে সংরক্ষিত ম্যামথের দেহাবশেষ থেকে টিস্যু নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিশাল প্রাণীটিকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনা যাবে বলে গবেষকেরা দাবি করছেন।এ ব্যাপারে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিরা ইরিতানি বলেন, লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তিনি বলেন, এ ক্ষেত্রে ম্যামথের কোষ থেকে ‘নিউক্লি’ বলে পরিচিত অণু আহরণ করে তা আফ্রিকান হাতির ডিম্বাণুতে স্থাপন করা হবে। ওই ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর যে ভ্রূণ তৈরি হবে, এতে ম্যামথের জিন থাকবে। এই ভ্রূণ পরে একটি হস্তিনীর গর্ভাশয়ে স্থাপন করা হবে। এভাবে একটি ম্যামথ শাবকের জন্ম দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা।জাপানি এই গবেষক দলে রাশিয়ার একজন ম্যামথ গবেষক ও যুক্তরাষ্ট্রের দুই হস্তী-বিশেষজ্ঞকে নেওয়া হয়েছে। গবেষক দলের সদস্যরা এর মধ্যে ম্যামথের হিমায়িত কোষ থেকে ডিএনএ আহরণের একটি কৌশল বের করেছেন। অধ্যাপক ইরিতানির মতে, ম্যামথের ক্লোন করা ভ্রূণ তৈরি সম্ভব হলে এ নিয়ে তাঁদের ব্যাপক আলোচনা করতে হবে। এটি হাতির গর্ভাশয়ে স্থাপনের বিষয় রয়েছে, প্রসব ঘটানো ও লালন-পালনের ব্যাপার রয়েছে, রয়েছে এটিকে প্রকাশ্যে হাজির করার বিষয়। এএফপি, ইয়োমিউরি শিম্বুন অনলাইন।