সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র ও উপকরণ অপসারণের জন্য বন্দরে অপেক্ষায় থাকা নরওয়ে ও ডেনমার্কের জাহাজগুলো গতকাল মঙ্গলবার সাইপ্রাসের বন্দরে ফিরে যাওয়া শুরু করেছে। এর মধ্য দিয়ে এই অস্ত্র অপসারণে এক গুরুত্বপূর্ণ সময়সীমা পূরণ করা সম্ভব হবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খারাপ আবহাওয়া ও সড়কে প্রতিবন্ধকতাসহ আরও কিছু কারণে অস্ত্র অপসারণে এ বিলম্ব ঘটেছে। আন্তর্জাতিক মিশন সিরিয়ার লাতাকিয়া বন্দরের মাধ্যমে অস্ত্রগুলো দেশটির বাইরে সরিয়ে ফেলার অপেক্ষায় রয়েছে। একটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ২০১৪ সালের প্রথমার্ধের মধ্যেই রাসায়নিক অস্ত্র পরিত্যাগ কার্যক্রম সম্পন্নে সিরিয়ার ওপর বাধ্যবাধকতা আছে। এ ক্ষেত্রে গতকালের সময়সীমাটি ছিল প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। কথা ছিল সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে প্রথমে ইতালিতে নেওয়া হবে। সেখান থেকে মার্কিন নৌবাহিনীর জাহাজে করে অস্ত্রগুলো আন্তর্জাতিক জলসীমায় নিয়ে টাইটানিয়ামের তৈরি একটি বিশেষ ট্যাংকে রেখে ধ্বংস করা হবে। বিবিসি।